
পশ্চিম মেদিনীপুর: শনিবার রাতেও সব ঠিক ছিল। সকলে এসেছেন, পুজো দিয়েছেন সব করেছেন। তবে রবিবার সকালে উঠে রাস্তায় বেরতেই মাথায় হাত। এ কী করে সম্ভব! মন্দির থেকে ‘উধাও’ শীতলা, বিষ্ণু। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী। রাতের অন্ধকারে রীতিমতো মন্দির, বিগ্রহ থেকে সব গহনা চুরি। শুধু তাই নয়, এমনকী, থালা-বাসন-কাঁসা-পিতলের সব জিনিস উধাও হয়েছে বলে খবর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা।
চন্দ্রকোনা টাউন থানার মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের মাড় গ্রামের বিষ্ণুমন্দির এবং শীতলা মন্দিরে চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মন্দিরের বিগ্রহ, গহনা এবং কাঁসা-পিতলের বাসনপত্র চুরি হয়েছে। সকালে বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। পরপর দু’টি মন্দিরে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। কীভাবে মন্দিরে ঢুকে চুরি করা হল, এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের তদন্তে এই চুরির ঘটনার রহস্য কত দ্রুত সামনে আসে, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা বলেন, “কালকে রাতে মায়ের মূর্তি সহ সব নিয়ে চলে গেছে। মায়ের রূপোর গহনা, তামা কিছুই নেই। অষ্ট ধাতুর মূর্তিও নেই। সব হাওয়া।”