
ঘাটাল: পড়ে রয়েছে সাইকেল। আর একটু দূরে মোবাইল ফোন। সকাল বেলা স্থানীয় বাসিন্দারা রাস্তায় বের হতেই চোখ কপালে ওঠার জোগাড়। বাঁশ গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘাটালে চাঞ্চল্য। খুন নাকি আত্মহত্যা,তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঘাটাল থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অজবনগর-২ গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে শিবপুরের বাঁশবনের ভিতরে একটি গাছে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম নকুল আদক। বয়স আনুমানিক ৫০ বছর। বাড়ি ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়। মৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং কিছুটা দূরে একটি সাইকেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অনুমান, তিনি রাজমিস্ত্রির কাজে এসেছিলেন। তবে এটি খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমার কাকিমা গরু বাঁধতে গিয়েছিল। বাঁশ বাগানে যেতেই মাথায় হাত। তারপরই চিৎকার শুরু। পরে লোকজন হাজির হয়ে দেখলেন কেউ গলায় দড়ি দিয়েছে।”