
পশ্চিম মেদিনীপুর: মাংস কিনে নিয়ে বাড়িতে ধোয়ার সময় বুঝতে পারেন মাংস শক্ত। হাত দিয়ে ধরেই বুঝতে পেরেছিলেন বাসি মাংস। আর তাতেই দোকানে গিয়ে ফের বলতে গিয়েছিলেন, কেন তাঁকে বাসি মাংস দেওয়া হয়েছিল। আর তাতেই বিপত্তি। অভিযোগ, মাংস বাসি কেন, তা প্রশ্ন করতেই খাসির মাংসের দোকানের ব্যবসায়ী, তাঁর ছেলে তাঁর ওপর চড়াও হন। এমনকি তাঁর ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে দ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের প্রগতি বাজার এলাকায়।
আহত ব্যক্তির নাম সুরজিৎ মান্না। তিনি ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকার বাসিন্দা। আজ দুপুরে প্রগতি বাজারে একটি খাসির মাংসের দোকানে ছাট কিনতে যান সুরজিৎ। অভিযোগ, তাঁকে বাসি মাংস দেওয়ায় তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মাংস দোকানদার সালমান কুরেষী, তার বাবা ইদরিশ কুরেষী এবং পাশের দোকানদার সোনু কুরেষী-সহ পাশাপাশি দুটি দোকানের বেশ কয়েকজন মাংস বিক্রেতা।
কথাকাটাকাটি চলাকালীন সুরজিৎকে কিল, চড়, ঘুষি মেরে বেধড়ক মারধর করা হয় এবং এক পর্যায়ে মাংস কাটার ছুরি নিয়ে তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। প্রগতি বাজারের অন্যান্য মাছ বিক্রেতারা এই নির্মম আক্রমণের প্রতিবাদ করতে এগিয়ে এলে অভিযুক্ত মাংস বিক্রেতারা বাঁশ নিয়ে তাঁদের দিকেও তেড়ে যায় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে দ্রুত প্রগতি বাজারে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনাস্থল থেকেই দোকানদার রিঙ্কু কুরেষী ও তার বাবা ইদরিশ কুরেষী কে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় খরিদ্দার সুরজিৎ মান্নাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।