TMC Councillor: ৭ লক্ষ টাকা দিলেই সরকারি চাকরি, ছানা ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগ

TMC councillor: ঘাটালের পতাপপুরের বাসিন্দা ও ছানা বিক্রেতা শিশির মণ্ডলের দাবি, তাঁর ছেলেকে সরকারি চাকরি করে দেওয়ার নামে মোট ৭ লক্ষ টাকা দাবি করেছিলেন অভিযুক্ত কাউন্সিলর। চাকরির আশায় বিশ্বাস করে ধাপে ধাপে ২.৫ লক্ষ টাকা নগদ তুলে দেন শিশির।

TMC Councillor: ৭ লক্ষ টাকা দিলেই সরকারি চাকরি, ছানা ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগ
অভিযুক্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 24, 2026 | 1:55 PM

ঘাটাল: সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ছানা ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষের বিরুদ্ধে।

ঘাটালের পতাপপুরের বাসিন্দা ও ছানা বিক্রেতা শিশির মণ্ডলের দাবি, তাঁর ছেলেকে সরকারি চাকরি করে দেওয়ার নামে মোট ৭ লক্ষ টাকা দাবি করেছিলেন অভিযুক্ত কাউন্সিলর। চাকরির আশায় বিশ্বাস করে ধাপে ধাপে আড়াই লক্ষ টাকা নগদ তুলে দেন শিশির। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও মেলেনি চাকরি। উল্টে পাওনা টাকা চাইতে গেলে শুরু হয় টালবাহানা।

ধারদেনা করে এই টাকা জোগাড় করায় বর্তমানে পাওনাদারদের তীব্র চাপ ও হুমকির মুখে চরম বিপাকে পড়েছেন ওই ব্যবসায়ী। স্থানীয় থানায় দ্বারস্থ হয়েও কোনও সুরাহা না মেলায় অবশেষে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর আর্জি, দ্রুত টাকা ফেরত সহ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

অভিযোগের সত্যতা কিছুটা হলেও স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। কাউন্সিলর বিভাস ঘোষ ফোনে বলেন, “অল্প কিছু টাকা চাকরির জন্য নিয়েছিলাম, সময়মতো তা ফেরত দিয়ে দেব।” এই ঘটনায় শাসকদলের কাটমানি সংস্কৃতি ও কাউন্সিলরের ভূমিকা নিয়ে এলাকায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

Follow Us