Purba Bardhaman: সংক্রমণের মতো ছড়াচ্ছে ‘ছেলেধরা গুজব’! এবার পূর্ব বর্ধমানে গণপিটুনির অভিযোগে গ্রেফতার ৩

Memari: উত্তর ২৪ পরগনার জেলার বাইরেও ধরা পড়ল একই ছবি। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মেমারি। মেমারি থানার কুচুট এলাকায় রবিবার মেলা চলছিল। হঠাৎ গুজব ছড়ায় মেলায় এক শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরই স্থানীয় মানুষজন খোকন রায় নামে এক যুবকে 'ছেলেধরা' সন্দেহে মারধর শুরু করে বলে অভিযোগ।

Purba Bardhaman: সংক্রমণের মতো ছড়াচ্ছে ছেলেধরা গুজব! এবার পূর্ব বর্ধমানে গণপিটুনির অভিযোগে গ্রেফতার ৩
মেমারিতে গণপিটুনির অভিযোগে গ্রেফতার ৩Image Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Jun 24, 2024 | 10:42 PM

মেমারি: ‘ছেলেধরা’ সন্দেহে মারধর ঘটনা যেন ক্রমেই সংক্রমণের আকার নিচ্ছে। বিগত কয়েক দিনে পর পর যে ছবি ধরা পড়েছে, তা বেশ উদ্বেগের। এতদিন ছিল উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে। প্রথমে বারাসত, তারপর একে একে অশোকনগর, খড়দহ, বনগাঁ, গাইঘাটা। আর এবার উত্তর ২৪ পরগনার জেলার বাইরেও ধরা পড়ল একই ছবি। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মেমারি। মেমারি থানার কুচুট এলাকায় রবিবার মেলা চলছিল। হঠাৎ গুজব ছড়ায় মেলায় এক শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরই স্থানীয় মানুষজন খোকন রায় নামে এক যুবকে ‘ছেলেধরা’ সন্দেহে মারধর শুরু করে বলে অভিযোগ।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গণপিটুনির কবল থেকে খোকনকে উদ্ধার করে পুলিশ এবং চিকিৎসার জন্য পাহাড়হাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। জানা যাচ্ছে, ওই যুবকের বাড়ি দাদপুরে। মেমারির কুচুট পশ্চিমপাড়ায় তাঁর পিসির বাড়ি। সেখানে থেকেই মেলায় ঘুরতে এসেছিল ওই যুবক। সেই সময়েই আচমকা মেলা থেকে শিশু নিখোঁজ হওয়ার গুজব ছড়ায় এবং ব্যাপক জনরোষের মধ্যে পড়ে যায় খোকন রায়। স্রেফ সন্দেহের বশেই যুবককে ধরে গণধোলাইয়ের অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

এদিকে পুলিশ সূত্রে খবর, যে শিশুটি নিখোঁজ হয়েছিল বলে গুজব রটেছিল, সেই শিশু বাড়িতেই ছিল। যুবককে মারধরের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শ্রীমন্ত মল্লব,সোমনাথ সাঁতরা ও অনিরুদ্ধ ঘোষ। সোমবার অভিযুক্ত তিন জনকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।

Follow Us