Former MLA Khokan Das: অভিষেক থেকে শিক্ষা, হেলমেট পরে আদালতে প্রাক্তন তৃণমূল বিধায়ক

Khokan Das Court Appearance Helmet: এবারের নির্বাচনে বর্ধমান দক্ষিণ আসনে প্রার্থী হয়েছিলেন খোকন দাস। হেরে যান। ভোটের ফল বেরনোর পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। এরপর উত্তর প্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করার পর ট্রানজিট রিমান্ডে পূর্ব বর্ধমানে নিয়ে আসে পুলিশ।

Former MLA Khokan Das: অভিষেক থেকে শিক্ষা, হেলমেট পরে আদালতে প্রাক্তন তৃণমূল বিধায়ক
এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে পরানো হল হেলমেটImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 02, 2026 | 1:28 PM

বর্ধমান: ফের চর্চায় হেলমেট। চারদিন আগে জনতার রোষ থেকে বাঁচাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরানো হয়েছিল। ইটের আঘাত থেকে হেলমেটই রক্ষা করেছিল অভিষেককে। তা থেকেই কি নতুন শিক্ষা নিল পুলিশ? এবার জনরোষ থেকে রক্ষা করতে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে পরানো হল হেলমেট। সেই হেলমেট পরিয়েই নিয়ে যাওয়া হল আদালতে।

মঙ্গলবার বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে বর্ধমান আদালতে তোলা হয়। তাঁকে গাড়িতে করে আদালতের সামনে আনা হয়। দেখা যায়, গাড়ির মধ্যেই হেলমেট পরানো হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ককে। এরপর হেলমেট পরা অবস্থায় তড়িঘড়ি আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, মারধর এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এবারের নির্বাচনে বর্ধমান দক্ষিণ আসনে প্রার্থী হয়েছিলেন খোকন দাস। হেরে যান। ভোটের ফল বেরনোর পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। এরপর উত্তর প্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করার পর ট্রানজিট রিমান্ডে পূর্ব বর্ধমানে নিয়ে আসে পুলিশ। সোমবার তাঁকে প্রথমে বর্ধমান থানায় নিয়ে আসা হয়। এরপর মঙ্গলবার আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর।

খোকন দাসের গ্রেফতারিকে ঘিরে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। প্রাক্তন বিধায়কের গ্রেফতারির পর উল্লাসের ছবিও ধরা পড়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতারির খবর সামনে আসতেই তাঁর বাড়ি কাঞ্চননগরে উল্লাসে মেতে ওঠেন স্থানীয়দের একাংশ। রবিবার এলাকায় বিজেপির পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাঁদের। আবার রাস্তায় ডিজে বাজিয়ে চলে ‘খোকন চোর’ গান। সেই গানে কোমর দোলান মহিলারাও।

Follow Us