Katwa Restaurant: রেস্তোরাঁর রান্নাঘরে মরা ইঁদুর, ফ্রিজে ছত্রাক ধরা খাবার

Katwa Restaurant Raid: কাটোয়া পৌরসভার আধিকারিক চঞ্চলকুমার মণ্ডল বলেন, "রান্নাঘরে নোংরা ভর্তি। স্বাস্থ্যবিধি মানা হয় না। অস্বাস্থ্যকর পরিবেশ রান্নাঘরে। মানুষের স্বাস্থ্য নিয়ে এভাবে ছেলেখেলা করা যাবে না। প্রথম ওয়ার্নিং দিয়ে গেলাম। নোটিস পাঠাব। তারপর আবার পরিদর্শনে আসব।"

Katwa Restaurant: রেস্তোরাঁর রান্নাঘরে মরা ইঁদুর, ফ্রিজে ছত্রাক ধরা খাবার
রেস্তোরাঁর রান্নাঘরে মরা ইঁদুরImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 05, 2026 | 12:19 AM

কাটোয়া: রেস্তোরাঁর রান্নাঘরে ঢুকেই চক্ষু চড়কগাছ। পড়ে রয়েছে মরা ইঁদুর। শুধু তাই নয়, রান্নাঘরের চতুর্দিকে পড়ে রয়েছে ইঁদুরের মল। টয়লেটের পাশেই রাখা বাসনপত্র। ফ্রিজে ছত্রাক ধরা খাবার।
শুধু তাই নয়, একাধিক খাদ্য সরঞ্জামেও জন্মেছে ছত্রাক। পূর্ব বর্ধমানের কাটোয়ার একটি রেস্তোরাঁর রান্নাঘরে পৌরসভার অভিযানে এমনই ছবি ধরা পড়ল।

কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকায় রয়েছে দক্ষিণ ভারতীয় খাবারের এই রেস্তোরাঁ। প্রতিদিনই এখানে ধোসা, ইডলি সহ নানা খাবার বিক্রি হয়। শুক্রবার এই রেস্তোরাঁতেই আচমকা হানা দেন পৌরসভার অফিসাররা। রান্নাঘরে ঢুকতেই চোখ কপালে ওঠে আধিকারিকদের। রান্নাঘরের মধ্যে পড়ে রয়েছে একটি আস্ত মরা ইঁদুর। রান্নাঘরজুড়ে ছড়িয়ে ইঁদুরের মল। দুর্গন্ধে সেখানে দাঁড়ানোই দায়। টয়লেটের পাশেই রাখা রয়েছে রান্নার বাসনপত্র।

মশলাতেও ধরা পড়ে নিম্নমানের ছবি। পাশাপাশি যে প্লেটে ক্রেতাদের খাবার পরিবেশন করা হয়, তাতেও জমেছে নোংরা। আর ফ্রিজ খুলতেই আরও ভয়াবহ ছবি। একাধিক খাদ্যসামগ্রীতে ছত্রাক ধরেছে। রয়েছে পচা শশাও। সব্জি কাটা অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘক্ষণ। অস্বাস্থ্যকর এই সমস্ত খাদ্যসামগ্রী সঙ্গে সঙ্গে ফেলে দেওয়ার নির্দেশ দেন পৌরসভার এগজিকিউটিভ অফিসার।

পৌরসভার আধিকারিকদের অভিযোগ, রেস্তোরাঁর ছাদে যে রান্নাঘর তৈরি করা হয়েছে, সেটিও নিয়ম মেনে তৈরি হয়নি। পাশাপাশি অভিযানে আরও একটি রেস্তোরাঁয় বাসি মাংস পাওয়া যায়। সমস্ত বাসি খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেন আধিকারিক। সতর্ক করা হয় রেস্তোরাঁকে।

কাটোয়া পৌরসভার আধিকারিক চঞ্চলকুমার মণ্ডল বলেন, “রান্নাঘরে নোংরা ভর্তি। স্বাস্থ্যবিধি মানা হয় না। অস্বাস্থ্যকর পরিবেশ রান্নাঘরে। মানুষের স্বাস্থ্য নিয়ে এভাবে ছেলেখেলা করা যাবে না। প্রথম ওয়ার্নিং দিয়ে গেলাম। নোটিস পাঠাব। তারপর আবার পরিদর্শনে আসব।” অন্যদিকে, রেস্তোরাঁর এক কর্মী বলেন, “গতকালই ইঁদুরটা মারা গিয়েছে। ফেলা হয়নি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us