
নন্দীগ্রাম: রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করছে বিজেপি। আগেই জেলা পরিষদ দখল করেছে বিজেপি। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা কেন্দ্রেও চলছে পালাবদল। কয়েকদিন আগেই নন্দীগ্রামের বেশ কয়েকটি পঞ্চায়েত তৃণমূলের হাত ছাড়া হয়েছে। সেখানে বিজেপির সমর্থিত পঞ্চায়েত প্রধান উপপ্রধান আসনে বসেছেন। এদিন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েতে হল পালাবদল। উড়লো গেরুয়া আবির।
এর আগে ওই এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহাউদ্দিনের স্ত্রী মনসুরা বেগম দীর্ঘ ১৫ বছর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২২টি। গত ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ১৩ জন ও নির্দল হিসেবে ৯ সদস্য জয়ী হয়েছিলেন। এদিন বিজেপির সমর্থনে নতুন করে এই কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নির্বাচিত হল।
বিজেপির পক্ষে প্রধান হিসেবে নির্বাচিত হলেন আভা রানি বেরা এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হলেন খাজেদা খাতুন। মোট আসন ২২ টির মধ্যে ২০২৩ সালের নির্বাচনে তৃণমূলের হাতে ১৩টি আসন থাকলেও বিজেপির হাতে কিছুই ছিল না। এদিন ১৯ সদস্য উপস্থিত ছিলেন। তৃণমূলের ১০ জন সদস্য উপস্থিত ছিলেন। বাকি ৯ নির্দলকে বাইরে সমর্থন করে বিজেপি। তাতেই ঘুরে যায় খেলা। পঞ্চায়েত উন্নয়ন কর্মযজ্ঞ যাতে কোনওভাবে বাধা না পায় সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে গেরুয়া শিবিরের নেতারা।