
পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং খাবারের গুণমানের ওপর কড়া নজরদারি চালাতে দিঘায় অভিযান চালাল জেলা ও মহকুমা প্রশাসন। পুজো পর্যটন মরসুমের আগেই সমুদ্রনগরী দিঘার খাদ্য নিরাপত্তা বজায় রাখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন ওল্ড দিঘার একাধিক হোটেল ও রেস্তোরাঁয় আচমকা হানা দেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, কাঁথির মহকুমা শাসক এবং খাদ্য সুরক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। বিভিন্ন হোটেল থেকে রান্নার নমুনা ও উপাদান সংগ্রহ করে তদন্তকারী দল। বিশেষ করে রান্নায় ব্যবহৃত মশলা, ব্যবহৃত জল, ফ্রিজে রাখা বাসি খাবার এবং খাবারের কৃত্রিম রঙের ব্যবহারের ওপর বাড়তি জোর দেওয়া হয়।
অভিযান চলাকালীন বেশ কিছু হোটেলে ফ্রিজে বাসি মাছ ও ক্ষতিকারক রঙের ব্যবহার ধরা পড়ে। অভিযুক্ত রেস্তোরাঁগুলি থেকে খাদ্যের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট খারাপ এলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই অনিয়মের অভিযোগে দুটি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
জেলাশাসক জানান, প্রশাসনিক স্বচ্ছতার পাশাপাশি জনগণের স্বাস্থ্যবিধিতেও সরকার সমান জোর দিচ্ছে। পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক পরিষেবা দিতে দিঘার পাশাপাশি জেলার অন্যান্য ব্লকেও একই ধরনের প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকবে।