
তমলুক: ভোটের রেজাল্ট বের হওয়ার পর গত বৃহস্পতিবার নন্দীগ্রামে বোমা ফেটে জখম হয়েছিলেন তিন জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হল তমলুক হাসপাতালের বার্ন ইউনিটে। মৃতের নাম তপন ঢালি। জানা যাচ্ছে, সেদিন নন্দীগ্রামের টাকাপুরা এলাকায় বোমা ফেটে জখম হয়েছিলেন গোকুল বেরা,শুভাশিস গায়েন ও তপন ঢালি। তৃণমূলের অভিযোগ, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল, তখনই আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর জখমদের দ্রুত এলাকা থেকে বের করে কোনও হাসপাতালে বা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।
ঘটনার পর থেকে তিনজনের কারও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে আজ তমলুক হাসপাতালের বার্ন ইউনিটে তপন ঢালির মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এদিকে বৃহস্পতিবারের ওই ঘটনার পর থেকেই তৃণমূল শিবির থেকে অভিযোগ তোলা হচ্ছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। যদিও পাল্টা অভিযোগ ছিল বিজেপি শিবিরেরও। পদ্ম শিবিরের তরফে, তৃণমূলের চক্রান্তের তত্ত্ব তুলে ধরা হচ্ছিল।
দুর্ঘটনার পর থেকে আহত তিনজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, ওই তিনজনের মধ্যে তপন ঢালিকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাখা হয়েছিল হাসপাতালের বার্ন ইউনিটে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকাল ৬টায় হাসপাতালেই মৃত্যু হয়েছে তপন ঢালির। মৃতের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।