Haldia TMC group Clash News: তাপসীর প্রচারে থাকছেন না অনেক কাউন্সিলর? উঠছে প্রশ্ন

হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ কুমার বিজলি বলেন, "যাঁরা জন্ম লগ্ন থেকে তৃণমূল করছে তাঁরা এখন দলের সাইড লাইনে চলে গিয়েছে। কেউ আমার বাবা বা কেউ আমার দাদা সম্পর্কে হবেন। তাপসী নিজেকে হলদিয়ার রাজা ভাবে। মানুষ এবার জবাব দেবে। আমার জয় নিশ্চিত তবে ব্যবধান কতটা বাড়াতে পারবো সেটা লড়াই চলছে।

Haldia TMC group Clash News: তাপসীর প্রচারে থাকছেন না অনেক কাউন্সিলর? উঠছে প্রশ্ন
হলদিয়ায় কি গোষ্ঠী কোন্দল?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 15, 2026 | 7:07 PM

হলদিয়া: তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে হলদিয়াতে। সমাজমাধ্যমে সরব হলদিয়া পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। সমাজমাধ্যমে প্রাক্তন কাউন্সিলর দাবি করেন, “আমরা নিঃস্বার্থে দল করা কর্মীদের হারিয়েছি। বিজেপি এবং সিপিএমের লোভী নেতাদের দলে পেয়েছি।” তৃণমূল কর্মীদের একাংশ দাবি, তাপসী মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরেই সিপিএম এবং বিজেপির থেকে আসা কর্মীদের তৃণমূলের নেতৃত্ব পদে বসাচ্ছেন। যারা আদি তৃণমূল বর্তমানে তাঁরা দলের কাছে ব্রাত্য। যেমন হলদিয়া পুরসভার দুই প্রাক্তন পুরো প্রধান দেবপ্রসাদ মণ্ডল এবং সুধাংশু মণ্ডলকে এমন একটা প্রচারে দেখা যাচ্ছে না। প্রচারে দেখা যাচ্ছে না প্রাক্তন বিধায়ক তুষার মণ্ডল প্রাক্তন শহর তৃণমূলের সভাপতি মিলন মণ্ডল, প্রাক্তন হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল আজিজুর রহমান সহ আরও অনেককে।

দলের সিংহভাগ কাউন্সিলর প্রচারে বিমুখ এমনটাই দাবি তৃণমূল কর্মীদের একাংশে। তৃণমূল কর্মীদের আরও বড় অভিযোগ, ভোট ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় ও হলদিয়া মুখো হননি। তবে এ প্রসঙ্গে জেলা সভাপতি সুজিত রায় বলেন, “এরকম কোনও ব্যাপার নেই। প্রকাশ্য সভা হলে আমি যাব। তাপসীর সঙ্গে আমার সম্পর্ক ভালো। যারা সমাজ মাধ্যমে সরব হয়েছেন তাঁদের বলা হয়েছে দলের ভেতরে জানাতে। অনেক কাউন্সিলর ২০২৪ এ নির্বাচনে বিজেপির হয়ে ভোট করিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে হলদিয়া বিধানসভা কেন্দ্রে তাপসী জিতবে আমরা নিশ্চিত।”

হলদিয়ার প্রাক্তন পুরো প্রধান দেবপ্রসাদ মণ্ডল বলেন, “দেখুন আদি এবং নব্য তৃণমূলের মধ্যে একটা সমস্যা রয়েছে। কোনও কর্মী ফোনে বা প্রকাশ্যে বলছে যে তাপসী মণ্ডল আমাদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে। এখন তাঁকে নিয়ে প্রচারে যেতে হবে। লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সহজ হলেও তাপসীর পক্ষে কঠিন।”

হলদিয়া পুরসভার প্রাক্তন পুরো পারিষদ আজিজুর রহমান বলেন, “জন্ম লগ্ন থেকে যারা তৃণমূল কংগ্রেস করে এসেছে তাদেরকে বর্তমানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমাকে নির্বাচনের প্রচারে কোনও রকম ডাকা হচ্ছে না। তৃণমূল কর্মীদের প্রশ্নের মুখে পড়ছি যে তাপসী যে প্রতীকে জয়ী হন সেই দলে পাঁচ বছর থাকেন না। তৃণমূলে জিতলে আদপে পাঁচ বছর দলে থাকবেন কি না সেই প্রশ্নও করছেন ভোটাররা। যেখানে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হচ্ছে আমাদের।”

তবে এ প্রসঙ্গে প্রাক্তন পুরো প্রধান সুধাংশু মণ্ডল এবং প্রাক্তন শহর তৃণমূলের সভাপতি মিলন মণ্ডল কোনও মন্তব্য করতে চাননি। হলদিয়া তৃণমূল প্রার্থী তাপসী বলেন,” ওঁরা নেতৃত্ব আমাকে নির্দেশ দেবেন কিভাবে চলতে হবে। কেউ বয়স জনিত কারণে কেউবা শারীরিক অসুস্থতার কারণে আসতে পারছেন না। আমার সঙ্গে বিজেপি এবং সিপিএম থেকে যারা এসেছে তারা এখন তৃণমূল পরিবারের সদস্য। জেতার ব্যাপারে আমি আশাবাদী।”

হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ কুমার বিজলি বলেন, “যাঁরা জন্ম লগ্ন থেকে তৃণমূল করছে তাঁরা এখন দলের সাইড লাইনে চলে গিয়েছে। কেউ আমার বাবা বা কেউ আমার দাদা সম্পর্কে হবেন। তাপসী নিজেকে হলদিয়ার রাজা ভাবে। মানুষ এবার জবাব দেবে। আমার জয় নিশ্চিত তবে ব্যবধান কতটা বাড়াতে পারবো সেটা লড়াই চলছে।

বস্তুত, হলদিয়ার এক নির্বাচনী সভা থেকে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বলেছিলেন, “হলদিয়া প্রচুর তৃণমূল নেতা ফেস টাইমে তাকে ফোন করে কথা বলছেন। তাপসী মন্ডলকে বিজেপিকে হারাতে হবে না তৃণমূল কর্মীরা দায়িত্ব নিয়েই হারাবে।।”

Follow Us