
নন্দীগ্রাম: যে উন্নয়ন এতদিন থমকে ছিল, সেটাই এবার হচ্ছে। এমনটাই বলছেন নন্দীগ্রামের মানুষ। কলকাতার পাশাপাশি এবার নন্দীগ্রামেও (Nandigram) চালু হচ্ছে ওয়াটার মেট্রো (Water Metro)। খুব শীঘ্রই শুরু হবে এই পরিষেবা। কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবারই শুরু হল ওয়াটার মেট্রোর ট্রায়াল। এই আধুনিক পরিকল্পনায় সুবিধা হবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।
এদিন সকালে ‘এমভি কনকলতা বড়ুয়া’ নামের একটি অত্যাধুনিক ওয়াটার মেট্রো নন্দীগ্রাম জেটি ঘাটে এসে পৌঁছয়। সাদা-নীল রঙের ওই জলযান ঘিরে এলাকার বাসিন্দাদের আগ্রহ বেড়েছে। ভেসেলটি হলদিয়া ফেরিঘাট ছেড়ে নন্দীগ্রামের কেন্দামারী ফেরিঘাটে যায়।
রাজ্যে ওয়াটার মেট্রো চালানোর ঘোষণা আগেই করেছে সরকার। জলপথে যাতায়াতের জন্য অত্যন্ত আধুনিক এই পরিকল্পনা। কলকাতার গঙ্গাবক্ষে তো ওয়াটার মেট্রো চলবেই। নতুন সরকারের হাত ধরে নন্দীগ্রাম ও হলদিয়ার মানুষও পাচ্ছেন এই ‘উপহার’। হলদি নদীর উপরে ফোল্ডিং সেতুর পাশাপাশি এ বার হলদি নদীতে চলবে ওয়াটার মেট্রো।
ওয়াটার মেট্রো আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহণ। দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য খুবই ভালো। প্রশাসনিক সূত্রে খবর, হলদি নদীতে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা। ট্রায়াল সম্পূর্ণ হলেই শুরু হবে পরিষেবা।
কেন্দ্রীয় সরকার ১৭টি নদীপথে বা সমুদ্র লাগোয়া শহরে ওয়াটার মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৮তম শহর হিসাবে যুক্ত হয়েছে কলকাতা। রাজ্যের ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হলে হাওড়া, বাবুঘাট, দক্ষিণেশ্বর, বেলুড়, ব্যারাকপুর সহ নদীর তীরবর্তী এলাকাগুলির সংযোগ উন্নত হবে বলেই জানা যাচ্ছে।