Panskura EVM: ইভিএম পরিবর্তনের ‘চেষ্টা’! খবর পেয়েই ছুটলেন বিজেপি প্রার্থী, তারপর…

WB Assembly Election 2026: পশ্চিম পাঁশকুড়া বিধানসভা বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি। তিনি অভিযোগ করেন, তাঁর বিধানসভার ইভিএম পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। সিল করা ইভিএম মেশিন সহ ভোট কর্মীদের হরিনারায়নচক স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু, সেখানে না গিয়ে অন্যত্র যাওয়ার অভিযোগ।

Panskura EVM: ইভিএম পরিবর্তনের চেষ্টা! খবর পেয়েই ছুটলেন বিজেপি প্রার্থী, তারপর...
পশ্চিম পাঁশকুড়ায় ইভিএম পরিবর্তনের চেষ্টাImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 23, 2026 | 8:59 PM

পাঁশকুড়া: প্রথম দফার নির্বাচন শেষ। রেকর্ড হারে ভোটদান হয়েছে বঙ্গে। ২০১১ কেও ছাপিয়ে গিয়েছে ২০২৬। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৯১ শতাংশ ভোট পড়েছে প্রথম দফার নির্বাচনে। দিনভর কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া, মোটের উপর ভোট শান্তিপূর্ণ, এমনই দাবি করেছে নির্বাচন কমিশন। তবে, ভোট শেষের পর ইভিএম পরিবর্তনের অভিযোগ উঠল পশ্চিম পাঁশকুড়া বিধানসভায়।

পশ্চিম পাঁশকুড়া বিধানসভা বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি। তিনি অভিযোগ করেন, তাঁর বিধানসভার ইভিএম পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। সিল করা ইভিএম মেশিন সহ ভোট কর্মীদের হরিনারায়নচক স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু, সেখানে না গিয়ে অন্যত্র যাওয়ার অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী। প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীদের সঙ্গে কথা বলেন। কেন স্কুলে না গিয়ে অন্যত্র নিয়ে আসা হয় ইভিএম, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপরই দুই তরফে তর্ক-বিতর্ক শুরু হয়। বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।

ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে ছিলেন। তাঁদের কাছে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। কীভাবে ইভিএম নির্দিষ্ট জায়গায় না পৌঁছে, অন্য জায়গায় এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, শালতোড়াতে ইভিএম বোঝাই গাড়িকে কেন্দ্র করে বিক্ষোভ হয়। তিলুড়ির কাছে একটি বোলেরো গাড়িতে বেশ কিছু ইভিএম দেখতে পেয়ে গাড়িকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে গোটা ঘটনার লাইভ করেন তিনি। গাড়িতে ইভিএম ছাড়াও তৃণমূলের বেশ কিছু পতাকা ছিল বলে দাবি তাঁর। তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে বুথে ভোট হওয়া ইভিএম বদল করে রিসিভিং সেন্টারে জমা করার উদ্দেশেই ওই গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ তুলেছেন।

Follow Us