Abhishek Banerjee Aide: PA-এর খোঁজে হন্যে পুলিশ, গ্রেফতার অভিষেকের আরও এক ঘনিষ্ঠ, সংকীর্ণ হচ্ছে পরিসর

Maidul Islam arrested: ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ডায়মন্ড হারবারের বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই ওরফে দেবব্রত ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হয়। যে সুইসাইড নোট উদ্ধার হয়, তাতে নাম লেখা ছিল মইদুলের।

Abhishek Banerjee Aide: PA-এর খোঁজে হন্যে পুলিশ, গ্রেফতার অভিষেকের আরও এক ঘনিষ্ঠ, সংকীর্ণ হচ্ছে পরিসর
মইদুল ইসলাম, ডায়মন্ড হারবারের শিক্ষক নেতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 16, 2026 | 11:51 AM

 ডায়মন্ড হারবার: অবশেষে অভিষেক-ঘনিষ্ঠ মইদুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। ডায়মন্ড হারবারের নেতড়া বাজার থেকে তৃণমূলের শিক্ষক নেতা মইদুল ইসলামকে প্রথমে আটক করে পুলিশ। মইদুলকে পুলিশ ডায়মন্ড হারবার থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের পুরনো একটি মামলা, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ।  তিনি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি ছিলেন।

উল্লেখ্য, সোমবার রাতেই মইদুল ইসলাম নিজের সামাজিক মাধ্যমে লাইভ করতে থাকেন। তিনি লাইভে এসে বলতে থাকেন, তাঁর গাড়ি পুলিশ আটকাচ্ছে। সে সময়েই তিনি গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছিলেন। পোস্টে তিনি এ-ও লিখেছিলেন, “যতই গ্রেফতার করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দিদির সঙ্গে আছি, থাকব।” সকালে তাঁকে আটক করে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ডায়মন্ড হারবারের বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই ওরফে দেবব্রত ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হয়। যে সুইসাইড নোট উদ্ধার হয়, তাতে নাম লেখা ছিল মইদুলের। কিন্তু সে সময়ে অভিষেক ঘনিষ্ঠ হওয়ায় সুবাদে পুলিশি তদন্তে পার পেয়ে যান তিনি, তেমনই দাবি মৃতের পরিবারের। নতুন করে এই মামলায় খাতা খুলেছে। তৃণমূল জমানায় এসআইআর আন্দোলনের সময়েই এই মইদুলকে অত্যন্ত সক্রিয় থাকতে দেখা গিয়েছে। নির্বাচন কমিশনের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি।
CEO দফতরে ঘেরাও অবস্থানেও সামিল ছিলেন তিনি।

ধৃত মইদুল আগে ছিলেন সিপিএমের সমর্থক। পরে যোগ দিয়েছিলেন তৃণমূলে। সেই সময় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় ওই অঞ্চলে যে তৃণমূল নেতারা থাকতেন, তাঁদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন মইদুল। অভিষেক যখন সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন, তখনও তাঁর সঙ্গে ছিলেন মইদুল।

Follow Us