
বারুইপুর: বারুইপুরের গণধর্ষণ-খুনের ঘটনা তদন্ত, ঘটনার পুনর্নির্মাণে গিয়ে এনকাউন্টার, এক সপ্তাহের মধ্যে সূর্যপুরের তদন্তকারী আধিকারিকদের মধ্যে রদবদল। তার মধ্যেই ফের বারুইপুরকাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে মঙ্গলবার সকালে পুনর্নির্মাণে গেলেন তদন্তকারীরা। যাকে এনকাউন্টার করা হয়েছিল, সেই অভিযুক্তকে পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল রাত ২.২০ মিনিট নাগাদ। সূর্যপুর স্টেশনের অদূরে যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেটি জলাজঙ্গলে ভর্তি ছিল। সেখানেই এদিন নিয়ে যাওয়া হয় বাকি অভিযুক্তদের।
ইতিমধ্যেই এই এনকাউন্টারের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। ঠিক কোন পরিস্থিতিতে পুলিশকে এনকাইন্টার করতে হয়েছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, পুলিশের পকেট থেকে রিভলবার বার করে এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল সেই অভিযুক্ত। আত্মরক্ষার্থেই পাল্টা গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ নিতে অস্বীকার করে পরিবারও।
আগেই এই ঘটনায় ২ জন মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ, যাদের বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও খুনের অভিযোগ রয়েছে। এলাকায় মাদকের কারবারের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ। এনকাউন্টারের দিন সকালে গ্রেফতার করা হয় আরেক অভিযুক্তকে। এই ৩ অভিযুক্তকে নিয়েই চলে এদিনের পুনর্নির্মাণ। সকাল সাড়ে এগারোটার আশেপাশে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ঘটনাস্থলে থাকে সিআইডি-র আধিকারিক ও ফরেনসিক আধিকারিকরা। ছিলেন সিআইডি আধিকারিকরাও।