Cut Money Allegation: ‘আবাসের টাকা ঢুকতেই পৌঁছে যান শাহাজান’, মুহূর্তে ‘গায়েব’ ৪০ হাজার টাকা

Awas Yojana Cut Money Complaint in Basanti: হাফিজুল সর্দার নামে আরও এক ব্যক্তি ওই তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার একই অভিযোগ তুলেছেন। তৃণমূল নেতা শাহাজান সর্দার তাঁর কাছ থেকেও ৩০ হাজার টাকা কাটমানি হিসাবে নিয়েছেন বলে অভিযোগ করে তিনিও পুলিশের দ্বারস্থ হন।

Cut Money Allegation: আবাসের টাকা ঢুকতেই পৌঁছে যান শাহাজান, মুহূর্তে গায়েব ৪০ হাজার টাকা
কী অভিযোগ সাইফুদ্দিন সর্দারের?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 03, 2026 | 9:55 AM

বাসন্তী: আবাস প্রাপকের তালিকায় নাম উঠেছে। এবার পাকা বাড়ি হবে। এই আশাতেই বুক বেঁধেছিলেন। কিন্তু, আবাসের টাকা ঢুকতেই পৌঁছে গেলেন তৃণমূল নেতা। অভিযোগ, আবাসের প্রাপ্য ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে ৪০ হাজার টাকা নিয়ে যান ওই তৃণমূল নেতা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর। রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতার বিরুদ্ধে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করলেন এক প্রতিবন্ধী বৃদ্ধ।

রাজ্যের পূর্বতন শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার ভূরি ভূরি অভিযোগ নতুন কিছু নয়। সেই কাটমানির থাবা থেকে বাদ গেলেন না ষাটোর্ধ্ব শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ সাইফুদ্দিন সর্দার। তাঁর বাড়ি বাসন্তী বিধানসভার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুড়ি গ্রামের ৫০ নম্বর বুথ এলাকায়। সাইফুদ্দিনের অভিযোগ, আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ওই বুথের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য রেজিনা সর্দারের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা শাহাজান সর্দার তাঁর আবাস যোজনার ঘরের টাকা থেকে কাটমানি নিয়েছেন।

কী বলছেন সাইফুদ্দিন সর্দার?

তৃণমূল নেতা শাহাজান সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সাইফুদ্দিন সর্দার বলেন, সরকার থেকে তাঁর নামে একটি আবাস যোজনার ঘর মঞ্জুর হয়। নিয়ম মেনে ঘরের ১ লক্ষ ২০ হাজার টাকা পান। অভিযোগ, টাকা পাওয়ার পরেই তৃণমূল নেতা শাহাজান সর্দার তাঁকে ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা কাটমানি হিসেবে কেড়ে নেন। সাইফুদ্দিনের কথায়, “আমি একজন প্রতিবন্ধী মানুষ। দু’চোখে ভালোভাবে দেখতে পাই না। তখন ভয়ে মুখ খুলতে পারিনি, কিছু বলতেও পারিনি। আজ সাহস পেয়েছি, তাই সঠিক বিচার চেয়ে থানার দ্বারস্থ হয়েছি।”

শুধুমাত্র সাইফুদ্দিন সর্দারই নন, হাফিজুল সর্দার নামে আরও এক ব্যক্তি ওই তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার একই অভিযোগ তুলেছেন। তৃণমূল নেতা শাহাজান সর্দার তাঁর কাছ থেকেও ৩০ হাজার টাকা কাটমানি হিসাবে নিয়েছেন বলে অভিযোগ করে তিনিও পুলিশের দ্বারস্থ হন।

জানা গিয়েছে, অভিযোগকারীরা প্রথমে বাসন্তীর শিমুলতলা পুলিশ ক্যাম্পে যান। এরপর সেখান থেকে রাতে বাসন্তী থানায় গিয়ে তৃণমূল নেতা শাহাজান সর্দারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

Follow Us