Gosaba News: রাতের অন্ধকারে ‘তোলাবাজির’ টাকা ফেরত! বিজেপি কর্মীর পাওনা মেটালেন তৃণমূল নেতা, ভিডিয়ো ভাইরাল

TMC leader returns alleged extortion money: জানা গিয়েছে, গতকাল রাতের অন্ধকারে বিজেপি কর্মী সন্তোষ জানার কাছে হাজির হন তৃণমূল বুথ সভাপতি পরিতোষ দাস। সেখানেই সন্তোষবাবুকে ৮০ হাজার টাকা ফেরত দেন পরিতোষ দাস। টাকা ফেরত দেওয়ার পাশাপাশি নিজের অপরাধও ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতা।

Gosaba News: রাতের অন্ধকারে তোলাবাজির টাকা ফেরত! বিজেপি কর্মীর পাওনা মেটালেন তৃণমূল নেতা, ভিডিয়ো ভাইরাল
তোলাবাজির টাকা ফেরত তৃণমূল কর্মীরImage Credit source: Tv9 Bangla

May 25, 2026 | 11:47 AM

দেবব্রত মণ্ডলের রিপোর্ট

গোসাবা: পালাবদলের পর থেকেই চাপে তৃণমূল নেতারা। পুলিশের অ্যাকশনে একের পর এক নেতারা গ্রেফতার হচ্ছেন। এদিকে, গোসাবায় (Gosaba News) আরও একটি ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। এর আগে তৃণমূল সরকারের আমলে বারবার তোলাবাজির অভিযোগ উঠেছে। এবার দেখা গেল, সেই তোলাবাজির টাকাই ফেরত দিলেন গোসাবার তৃণমূল নেতা (Gosaba TMC Leader)। জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপি করার অপরাধে এক ব্যক্তির কাছ থেকে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। এবার সেই বিজেপি কর্মীকেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতা। সেই টাকা ফেরতের ভিডিয়ো ভাইরাল (Viral Video)।

৮০ হাজার তোলাবাজির অভিযোগ

গোসাবার পালপুর ৩৩ নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি পরিতোষ দাস। তাঁর বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরেই ১০ মে বিজেপি করার অপরাধে শাস্তি হিসেবে গোসাবার শম্ভুনগর অঞ্চলের বাসিন্দা তথা সক্রিয় বিজেপি কর্মী সন্তোষ জানার কাছ থেকে ৮০ হাজার টাকা তোলবাজি হিসেবে আদায় করা হয়। ওই বিজেপি কর্মীর দাবি, মোট ৮০ হাজার টাকার মধ্যে ৪০ হাজার টাকা নেওয়া হয়েছিল অনলাইনে এবং বাকি ৪০ হাজার টাকা নগদ নেওয়া হয়।

কী অভিযোগ বিজেপি কর্মীর?

বিজেপি কর্মীর অভিযোগ, তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। দোকান জবরদখল করে পার্টি অফিস তৈরিরও হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বাড়ির পাশের কয়েকটা বাড়ি-ঘরও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কয়েকজনকে মেরে পঙ্গু করে দেওয়ার মতোও অবস্থা করে। এরপরই বাধ্য হয়ে তিনি পরিতোষ দাসের শরণাপন্ন হন। টাকা দিতে বাধ্য হন।

রাতের অন্ধকারে টাকা ফেরত 

জানা গিয়েছে, গতকাল রাতের অন্ধকারে বিজেপি কর্মী সন্তোষ জানার কাছে হাজির হন তৃণমূল বুথ সভাপতি পরিতোষ দাস। সেখানেই সন্তোষবাবুকে ৮০ হাজার টাকা ফেরত দেন পরিতোষ দাস। টাকা ফেরত দেওয়ার পাশাপাশি নিজের অপরাধও ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতা। তিনি স্পষ্ট জানান, তৎকালীন তৃণমূল অঞ্চল সভাপতি পরিতোষ হালদারের সরাসরি নির্দেশেই তিনি ওই বিজেপি কর্মীর কাছ থেকে জরিমানার নামে এই টাকা তুলেছিলেন।

ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিগত বছরগুলোতে সাধারণ মানুষ ও বিরোধী কর্মীদের ওপর তৃণমূল নেতারা কীভাবে তোলবাজি এবং অত্যাচার চালিয়েছেন এই ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ| অন্যদিকে, তৃণমূল নেতাদের এই টাকা ফেরতের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব|

Follow Us