
কলকাতা: ভাঙড়ে (Bhangar) বোমা বিস্ফোরণের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসাবে গ্রেফতার হয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। শনিবার ধৃতকে তোলা হয়েছে বিশেষ এনআইএ (NIA) আদালতে। তাঁর কাছ থেকে মিলল পেন-ড্রাইভ। সেই পেন-ড্রাইভে কী রয়েছে তার তদন্ত করছে সকলে। কী কী সওয়াল-জবাব চলল কোর্টে?
এ দিন NIA আইনজীবী কোর্টে সওয়াল করে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার NIA নিয়েছে। ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত শওকত। বোমা বানাতে গিয়ে যাঁরা জখম হয়েছেন তাঁদের সঙ্গে কথা বলেছেন। আমরা CDR দেখেছি। তাতে বোঝা যাচ্ছে অন্য অভিযুক্তদের সঙ্গে অনবরত কথা বলছিলেন শওকত। তাঁর নির্দেশ ছিল অন্য অভিযুক্তদের কাছে। মোবাইল উদ্ধার করে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।
তদন্ত গুরুত্বপুর্ণ পর্যায়ে রয়েছে। ১৪ দিনের জন্য হেফাজতে প্রয়োজন।”
অন্যদিকে, শওকতের আইনজীবী বলেন, “আগে দুই অভিযুক্ত গ্রেফতার হয়েছিল।
আমরা জামিন চাইছি। আশাদুল মোল্লার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। বিস্ফোরণস্থল থেকে শওকত মোল্লা বাড়ি অনেক দূরে। তিনি তখন কোথায় ছিলেন দেখা হোক। শওকত মোল্লা এই বিস্ফোরণে যুক্ত নন। ঘটনার সময় ৪০ কিমি দূরে বাড়িতে ছিলেন। বিস্ফোরণ ঘটেছে সেটা জানতেনও না। আমাদের মক্কেল Z+ সিকিউরিটি পেতেন। পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে থাকতেন। তিনি সবার মাঝে থেকে এসব করতে পারেন কী?”