
সাগর: এসএসসির (SSC)-র প্রকাশিত দাগি শিক্ষকের তালিকায় রমরমা দক্ষিণ ২৪ পরগনার সাগরে। বিরোধীদের অভিযোগ, সাগর ব্লকের ৩০ থেকে ৪০ জন বাসিন্দার নাম আছে এই তালিকায়। সংশ্লিষ্ট তালিকায় থাকা অনেককেই আবার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, দাগি তালিকায় আছেন ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল। তিনি সাগরের একটি স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন। তালিকায় আছেন স্থানীয় নরহরিপুরের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য গদাধর বেরার পুত্রবধূ পম্পা ভুঁইয়া। পম্পা নামখানার একটি স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন। তালিকায় নাম আছে তৃণমূল পরিচালিত সাগরের কমলপুর কৃষি সমবায় সমিতির সভাপতি সত্যেন জানার ছেলে বিশ্বনাথ জানা ও পুত্রবধূ সুষমা দাসের।
এই জানা পরিবারের বড় ছেলে সোমনাথ জানা ও মেয়ে মিঠু জানা গ্রুপ-সি পদে চাকরি হারিয়েছেন। এছাড়াও একাধিক নাম এই তালিকায় উঠে এসেছে। বিরোধী বিজেপি এই ঘটনায় শাসক তৃণমূলের যোগ নিয়ে সরব হয়েছে। দাগি তালিকায় নাম থাকা ধবলাটের প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি বিভাস মণ্ডল বলেন, “হঠাৎ করেই অযোগ্য বলে বাদ দিল। আমি টাকা পয়সা দিইনি। আমি আবেদন করেছিলাম। নতুন করে অ্যাডমিট কার্ডও পেয়েছি। আমি আগে তৃণমূল করতাম। তবে এখন আর পার্টি করি না।”