
জয়নগর: বাংলা নববর্ষের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। বেপরোয়া গতিতে ছুটে আসা সবজি ভর্তি গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে জয়নগর থানার ব্যাজরা মলিঘাটি এলাকায়। মৃত দুই যুবকের নাম সুভাষ মণ্ডল (৩৬) এবং বিকি মণ্ডল (২২)। আবার বিকির মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তাঁর ঠাকুমা মলিনা মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন সুভাষ ও বিকি। ব্যাজরা মলিঘাটি এলাকায় রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে কথাবার্তা বলছিলেন তাঁরা। সেই সময়ে জয়নগরের দিক থেকে বারুইপুরে যাওয়ার পথে একটি সবজি ভর্তি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দুই যুবক। গাড়ির ধাক্কায় তাঁদের মোটবাইকও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর পথচলতি মানুষ আহত দুই যুবককে উদ্ধার করে জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সুভাষ ও বিকিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সুভাষ ও বিকির মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়েন। বিকির মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হন তাঁর ঠাকুমা মলিনা মণ্ডল (৬০)। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় নববর্ষের প্রথম দিনে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। বাতিল করা হয়েছে নববর্ষের সমস্ত অনুষ্ঠান।
এদিকে, দুর্ঘটনার পর গাড়ি ছেড়ে পালিয়ে যান ঘাতক গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পথ দুর্ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জয়দেব দাস, বিশ্বনাথ মণ্ডল নামে স্থানীয় বাসিন্দারা বলেন, “সামনেই একটি স্কুল রয়েছে। এখানে রাস্তায় বাম্পার দেওয়ার জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। তার পরও কোনও পদক্ষেপ করা হয়নি। বেপরোয়া গতিতে এখানে গাড়ি চলে। তারই জেরে দুই যুবকের প্রাণ চলে গেল।”