
হুগলি: রাজ্যবাসীর জন্য সুখবর। রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) ঘোষণা করলেন যে দুর্গা পুজোর আগে রাজ্যে ৬০০ বাস নামবে। রাজ্যের মানুষের যাতায়াতে আরও সুবিধা হবে বলেই জানান তিনি।
আজ, শুক্রবার উত্তরপাড়ার টিটাগড় ওয়াগানস লিমিটেড কারখানার রেলের ডিজাইন ও অপারেশন সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন রাজ্য়ের পরিবহন মন্ত্রী অর্জুন সিং ও শিল্পমন্ত্রী তাপস রায়। অনুষ্ঠান থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান যে পুজোর আগেই ৬০০ নতুন বাস নামবে।
সম্প্রতি ইঞ্জিন ভ্যানের বদলে লাইসেন্সযুক্ত, দূষণ মুক্ত গাড়ি চালানোর নির্দেশ দিয়েছেন অর্জুন সিং। তিনি বলেছিলেন, “মোটর ভ্যানে দূষণ হচ্ছে। এটা আমরা পুরোপুরি বন্ধ করে দেব। এটা আমরা চালাতে দেব না। আমি এক মাস-দেড় মাস সময় দিয়েছি। আপনারা পিক-আপ ভ্যান কিনুন। রেজিস্ট্রেশন করুন। আমরা আগেই বলেছি প্রত্যেকটা বিধানসভায় ১০০টা অটো, ম্যাজিক গাড়িগুলি, যেখানে আট-নয়জন বসতে পারে, আমরা পারমিট দেব। সরকারি নিয়ম মেনে করলে কোনও অসুবিধা হবে না। কাউকে পাঁচ পয়সা দিতে হবে না। কোনও ইউনিয়ন, কোনও গুণ্ডাকে এক পয়সা দেবেন না। সরকারি নিয়ম মেনে আইনের শাসনের মধ্যে থাকুন।”
আজও এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইঞ্জিন ভ্যানের কোন বৈধতা নেই। এগুলি বেআইনি। কেউ মারা গেলে ইন্সুরেন্স পাবে না। দূষণ ছড়াচ্ছে। ওদের পিকআপ ভ্যানে ফাইন্যান্স করানো হবে। ওরা ওই গাড়ি চালাক, কোনও অসুবিধা নেই।
অন্নপূর্ণা যোজনা নিয়ে জেলায় জেলায় ক্ষোভ প্রসঙ্গে পরিবহন মন্ত্রী অর্জুন সিং বললেন, “এগুলি সিপিএম-তৃণমূল করাচ্ছে। দেড় কোটি মহিলা পাচ্ছেন। আরও পাবেন।”
শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “শিল্প হওয়া উচিত।কেন এতদিন হয়নি। তার ফলে ইকোনোমিক গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এমপ্লয়মেন্ট জেনারেশন এগুলো হয়নি। এগুলি হওয়া উচিত”। অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ক্ষোভ, তা প্রশমিত হয়ে যাবে বলেই জানান তাপস রায়।