Chopra Viral Video: বাইক র‍্যালির আগে টাকা বিলির অভিযোগ, ভাইরাল ভিডিয়ো ঘিরে তুঙ্গে চর্চা

Election Controversy In Chopra: ভিডিয়োতে যে ব্যক্তিকে টাকা বিলি করতে দেখা যাচ্ছে, তাঁর নাম মান্নান আলি। অভিযোগ, তিনি নিজেই এই ভিডিয়োটি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছিলেন। যদিও বিতর্ক দানা বাঁধতেই পরবর্তীতে সেই পোস্টটি মুছে ফেলা হয়েছে। মান্নান আলিকে এই বিষয়ে বারবার ফোন করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।

Chopra Viral Video: বাইক র‍্যালির আগে টাকা বিলির অভিযোগ, ভাইরাল ভিডিয়ো ঘিরে তুঙ্গে চর্চা
টাকা দেওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 20, 2026 | 1:04 PM

উত্তর দিনাজপুর: লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল, আর তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক তৃণমূল নেতার হাতে ৫০০ টাকার নোটের বান্ডিল এবং তিনি বাইক নিয়ে আসা সমর্থকদের হাতে একটি করে নোট তুলে দিচ্ছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

স্থানীয় সূত্রের খবর, ভিডিয়োতে যে ব্যক্তিকে টাকা বিলি করতে দেখা যাচ্ছে, তাঁর নাম মান্নান আলি। অভিযোগ, তিনি নিজেই এই ভিডিয়োটি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছিলেন। যদিও বিতর্ক দানা বাঁধতেই পরবর্তীতে সেই পোস্টটি মুছে ফেলা হয়েছে। মান্নান আলিকে এই বিষয়ে বারবার ফোন করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।

জানা গিয়েছে, গতকাল চোপড়ায় তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের উপস্থিতিতে তাঁরই এলাকায় একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিয়োটি সেই মিছিল শুরুর আগের মুহূর্তের বলেই দাবি করা হচ্ছে। ভোটের আগে এ ধরনের ছবি প্রকাশ্যে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চোপড়ার বিজেপি নেতা সোমনাথ সিংহ বলেন, “প্রার্থী টাকার বিনিময়ে জনগণকে মিটিংয়ে আনতে হচ্ছে। ওদের সংগঠন শেষ হয়ে গিয়েছে। ওনার কাছে আর জনগণ নেই।”

এই ঘটনায় যখন তীব্র বিতর্ক দানা বেঁধেছে, তখন তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। অভিযোগ, টিভি৯ বাংলার সাংবাদিক যখন চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমানকে এই বিষয়ে প্রশ্ন করেন, তখন তিনি মেজাজ হারান। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করে TV9 বাংলা। তিনি বলেন, “নিজের লোকজন এসেছিল, চা পানির জন্য টাকা দিতেই পারে।”

Follow Us