
কলকাতা: WBJEE তথা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বড় সিদ্ধান্ত। ফের কেন্দ্রীয় অনলাইন কাউন্সেলিংয়ে সুযোগ পাবেন পড়ুয়ারা। অর্থাৎ কেন্দ্রীয় অনলাইন কাউন্সেলিংয়ে ভর্তি হওয়া পড়ুয়ারাও এবার ডিসেন্ট্রালাইজ়ড বা বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন। বিভিন্ন পক্ষের অনুরোধের পর সিদ্ধান্ত নিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEE)। একইসঙ্গে আগের কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন করল বোর্ড।
কেন্দ্রীয়ভাবে যখন কাউন্সেলিং চলছিল, সেইসময় পছন্দের মতো কলেজ বা বিষয় পাননি বলে অভিযোগ তুলেছিলেন পড়ুয়ারা। বেশ কিছু কলেজে আসন ফাঁকা থেকে যাচ্ছিল। ফলে পড়ুয়ারা পুনরায় আবেদনের সুযোগ পাচ্ছিলেন না। তাই রাজ্যজুড়ে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার দাবি তুলছিলেন পড়ুয়ারা। সেই দাবি মেনেই অবশেষে বড় সিদ্ধান্ত নিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
উল্লেখ্য, আগে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ আলাদাভাবে এই বিকেন্দ্রীভূত কাউন্সেলিং করত। চলতি বছর সরকারি ও বেসরকারি কলেজগুলিকে এক ছাতার তলায় এনে কাউন্সেলিং করছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আগেই ঘোষণা করা হয়েছিল, কোন কলেজে কত আসন ফাঁকা আছে, তার তালিকা ২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, আগে যাঁরা কাউন্সেলিংয়ে অংশ নিয়েছিলেন, তাঁরা আর নতুন করে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন না। এর ফলে এমনও দেখা যাচ্ছিল কাউন্সেলিংয়ের পর আসন ফাঁকা থাকলেও পছন্দের বিষয় নিয়ে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছেন না। এই সিদ্ধান্তেই বদল আনা হল।
শীঘ্রই প্রকাশিত হবে সংশোধিত কাউন্সেলিং বিজ্ঞপ্তি। আলাদা করে প্রকাশ করা হবে সংশোধিত কাউন্সেলিংয়ের সময়সূচি। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন পড়ুয়ারা। নিজের পছন্দের মতো কলেজে ভর্তি হতে পারবেন। পছন্দের মতো বিষয় পড়তে পারবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।