
কলকাতা: পশ্চিমবঙ্গের আবহাওয়া এখন বেশ খামখেয়ালি। ভাইফোঁটা মানেই তো ভাই-বোনের খুনসুটি, উপহারের আদানপ্রদান আর কবজি ডুবিয়ে পাত পেড়ে খাওয়া। সকাল থেকেই সবার মনে একটা উৎসবের মেজাজ। কিন্তু ঠিক এই জায়গাটিতেই বাগড়া দিচ্ছে আবহাওয়া। কালীপুজোর পর থেকেই একটু একটু করে শীতের আমেজ শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করেই যেন সব ওলটপালট হয়ে গিয়েছে। উৎসবের আনন্দটাই কিছুটা মাটি করে দিতে পারে বৃষ্টি।
আজ মঙ্গলবার, ভাইফোঁটার দিন। সকাল থেকেই আকাশের মুখ বেশ ভার। হাওয়া অফিসের শেষ পাওয়া আপডেট বলছে, আজ রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। অর্থাৎ, ফোঁটা নিতে যাওয়ার সময় সঙ্গে একটা ছাতা রাখা কিন্তু মাস্ট! অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক জায়গায় দমকা বাতাসও বইতে পারে। তাই উৎসবের আনন্দের মাঝেও একটু সাবধানে থাকা জরুরি।
বৃষ্টির এই ভ্রুকুটি কিন্তু আজ-কালের মধ্যেই থামছে না। বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা বাতাসও বইবে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও কাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরের নীচের দিকের তিন জেলা থাকবে একেবারে শুষ্ক। এরপর বৃহস্পতিবারও বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কি উইকেন্ডেও বৃষ্টি চলবে? না, শুক্রবার থেকে ফের আবহাওয়ার ভোলবদল হবে। আশা করা হচ্ছে, শুক্রবার থেকে রাজ্যজুড়ে ফের শুকনো আবহাওয়া ফিরবে।
এদিকে বৃষ্টির পাশাপাশি উধাও হয়ে গিয়েছে শীতের সেই শিরশিরে ভাবটা। অনেকেই ভাবছেন, তবে কি শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াল এই বৃষ্টি? আসলে বাতাসে হু হু করে জলীয় বাষ্প ঢুকেছে। আর এই জলীয় বাষ্পের দাপটেই উত্তুরে হাওয়া একেবারে থমকে গিয়েছে। ফলস্বরূপ, গায়েব হয়ে গিয়েছে সেই ঠান্ডা ঠান্ডা ভাব। হাওয়া অফিস জানিয়েছে, গত ২ দিনে কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।
তবে মেঘ কাটলেই ফের সুখবর মিলবে। আকাশ পরিষ্কার হওয়ার পর আবার হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। শুক্রবারের পর থেকে ফের রাজ্যে শীতের আমেজ ফেরার সম্ভাবনা প্রবল। আপাতত উৎসবের এই কয়েকটা দিন মেঘ আর বৃষ্টির সঙ্গেই মানিয়ে নিতে হবে আপামর বাঙালিকে।