
হানোই: একটানা কতদিন না ঘুমিয়ে থাকতে পারেন? কেউ বলবেন দু’দিন। কেউ আরও দু-একদিন বেশি বলতে পারেন। কিন্তু, কেউ যদি আপনাকে বলেন, টানা ৬৩ বছর তিনি না ঘুমিয়ে আছেন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। টানা ৬৩ বছর। অবিশ্বাস্য লাগলেও ভিয়েতনামের এক ব্যক্তি গত ৬৩ বছর ঘুমোননি। দিব্যি সুস্থও রয়েছেন।
বছর একাশির ওই ব্যক্তির নাম থাই নক। পেশায় কৃষক। ১৭ বছর বয়সে শেষবার ঘুমিয়েছিলেন। তারপর আর ঘুম আসেনি তাঁর। তিনি জানিয়েছেন, ১৯৬২ সালে তাঁর ম্যালেরিয়া হয়েছিল। তারপরই অনিদ্রা রোগে আক্রান্ত হন। বহু চিকিৎসক দেখিয়েছেন। ওষুধ খেয়েছেন। কিন্তু, ঘুম আসেনি।
অন্যদের ঘুমাতে দেখলে মনে ঈর্ষা জন্মায়। থাই বললেন, “অন্যদের ঘুমাতে দেখে উত্তেজিত হয়ে পড়ি। রাতের বেলা মাঠে চলে যাই। সেখানে চুপচাপ বসে থাকি। কিছু না করে সেখানে বসে থাকাটা যন্ত্রণার।”
এখনও ৫০ কেজির ব্যাগ নিয়ে ৪ কিমি হাঁটতে পারেন থাই নক
বয়স আশি পেরিয়েছে। আবার ঘুমোন না। তারপরও দিব্যি সুস্থ রয়েছেন থাই নক। ৫০ কেজি ব্যাগ কাঁধে নিয়ে ৪ কিমি হেঁটে যেতে পারেন। ক্লান্ত হন না। তবে তাঁর এই অনিদ্রা নিয়ে চিন্তায় রয়েছে পরিবার।
অনেকে বলেন, ১৯৬২ সালে ভিয়েতনাম যুদ্ধের পর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ফলে তাঁর এই অনিদ্রা রোগ। যদিও তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেননি। তবে কীভাবে ৬৩ বছর না ঘুমিয়ে সুস্থ রয়েছেন থাই নক, তা চিকিৎসকদের কাছেও বিস্ময়ের।