আমেরিকার মাটিতে ভাঙচুর হিন্দু মন্দিরে, নিজের অবস্থান স্পষ্ট করল ভারতও

BAPS Temple Under Attack: এই ঘটনায় আমেরিকার মাটিতে হিন্দুদের উপর ক্রমবর্ধমান হিংসার বিষয় স্পষ্ট হয়েছে। এমনকি সুরক্ষা দিতে আমেরিকার পুলিশের ব্যর্থতার কথাও উঠে এসেছে।

আমেরিকার মাটিতে ভাঙচুর হিন্দু মন্দিরে, নিজের অবস্থান স্পষ্ট করল ভারতও

Mar 09, 2025 | 1:10 PM

বিদেশের মাটিতে হিন্দু মন্দিরে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। তাও আবার সেটা ভারতের মিত্র দেশ আমেরিকার মাটিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (BAPS) মন্দিরে কিছু অজ্ঞাত ব্যক্তিরা ভাঙচুর চালায়। ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও।

এই ঘটনায় আমেরিকার মাটিতে হিন্দুদের উপর ক্রমবর্ধমান হিংসার বিষয় স্পষ্ট হয়েছে। এমনকি সুরক্ষা দিতে আমেরিকার পুলিশের ব্যর্থতার কথাও উঠে এসেছে।

মন্দিরে ভাঙচুরের ঘটনায়, BAPS পাবলিক অ্যাফেয়ার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে লেখে, “আরেকটি মন্দির অপবিত্র করা হয়েছে। এবার ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে। হিন্দু সম্প্রদায় ঘৃণার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। চিনো হিলস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে আমরা ঐক্যবদ্ধ রয়েছি, কখনই ঘৃণাকে জায়গা করে নিতে দেব না।”

আমেরিকায় হিন্দু মন্দিরের উপর আক্রমণের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে ভারত সরকারও। প্রকাশ্যে বিরোধীতা করে রবিবার বিদেশ মন্ত্রক এই ‘ঘৃণ্য কাজের’ তীব্র নিন্দাও জানিয়েছে। আমেরিকার প্রশাসনকে এই কাজের জন্য দায়ীদের দোষীদের সনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং মন্দিরগুলির পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়। সেপ্টেম্বরে, ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে BAPS হিন্দু মন্দিরে আক্রমণ চালানো হয়েছিল। এমনকি মন্দিরের দেওয়ালে ‘হিন্দুরা ফিরে যাও’ স্লোগান লেখা হয়েছিল। এখনও অবধি জানা যায়নি সেই ঘটনায় কে যুক্ত ছিল।

স্যাক্রামেন্টোর ঘটনার প্রায় ১০ দিন আগে, নিউ ইয়র্কের মেলভিলে অবস্থিত আরেকটি BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দিরে একই ভাবে ‘ঘৃণ্য’ মন্তব্য লিখে এসেছিল কিছু দুষ্কৃতি। নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেট জেনারেল এই ঘটনার তীব্র নিন্দা জানান।

 

Follow Us