Iran-US War : ইরান যুদ্ধে লাশের পাহাড়, এখনও পর্যন্ত মৃত কত, জানুন

Iran-US War : পশ্চিম এশিয়ার একাধিক দেশে, বিশেষ করে যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, সেই দেশগুলিতেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইরান। সংঘাতের জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। ইরানেই মৃত্যু হয়েছে হাজারের বেশি। আহত বহু। যুদ্ধ এখনও চলবে বলে জানিয়েছে আমেরিকা।

Iran-US War : ইরান যুদ্ধে লাশের পাহাড়, এখনও পর্যন্ত মৃত কত, জানুন
পশ্চিম এশিয়ায় মৃত্যুমিছিলImage Credit source: x

|

Mar 05, 2026 | 4:02 PM

তেহরান : মধ্যপ্রাচ্যে সংঘাত ষষ্ঠ দিনে প্রবেশ করল। শনিবার থেকে ইরানের উপর যৌথ ভাবে হামলা চালাচ্ছে আমেরিকা ও ইজ়রায়েল। পাল্টা একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানও। ইজ়রায়েলে একের পর এক ড্রোন হামলা করা হচ্ছে। পশ্চিম এশিয়ার একাধিক দেশে, বিশেষ করে যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, সেই দেশগুলিতেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইরান। সংঘাতের জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। ইরানেই মৃত্যু হয়েছে হাজারের বেশি। আহত বহু। যুদ্ধ এখনও চলবে বলে জানিয়েছে আমেরিকা।

কোন কোন দেশে হামলা?

ইজ়রায়েলের এয়ারফোর্স জানিয়েছে, গত কয়েকদিনে আমেরিকার সঙ্গে যৌথ আক্রমণে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টি দেশে হামলা চালিয়েছে। এখনও পর্যন্ত ইরান পশ্চিম এশিয়ার নয়টি দেশে হামলা চালিয়েছে । সেই তালিকায় রয়েছে, বাহরিন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাশাহী । সাইপ্রাসে একটি মার্কিন সামরিক ঘাঁটির রানওয়েতে হামলা চালিয়েছে একটি ইরানি ড্রোন।

কোন কোন দেশে কত মৃত্যু?

ইরান

ইরানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই হাজার ছাড়িয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইরানে মৃত্যু হয়েছে ১,০৪৫ জনের। তার মধ্যে দক্ষিণ-পূর্ব ইরানের একটি স্কুলে হামলায় প্রায় ১৮৯ জন শিশুর মৃত্যু হয়েছে। সংঘাতে জখম হয়েছেন ১০০ জনের বেশি।

ইজ়রায়েল

ইজ়রায়েলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। জানা গিয়েছে, শনিবারই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নয়জন নিহত হয়। ২০ জনেরও বেশি আহত হয়। এছাড়া তেল আবিবেও এক মহিলার মৃত্যু হয়।

আমেরিকা

সম্প্রতি, আমেরিকা সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, যুদ্ধে মোট ৬ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮ জন।

বাহরিন

বাহরিনে একজনের মৃত্যু হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্রগুলি বাহরিনের মার্কিন নৌবাহিনীর হেডকোয়ার্টারে একাধিকবার হামলা চালিয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহরিন। রাজধানী মানামায় বেশ কয়েকটি আবাসিক ভবনে ড্রোন হামলা চালানো হয়।

লেবানন

লেবাননে বিমান হামলা চালায় ইরান। প্রায় ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন ৩৩৫ জন।

এছাড়া, কুয়েতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের, ইরাকে মৃত্যু হয়েছে ২ জনের, ওমানে মৃতের সংখ্যা ১, সংযুক্ত আরব আমিরশাহীতে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পশ্চিম এশিয়ার বাকি দেশগুলিতে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে সংঘাত এখনও চলবে। মার্কিন সেনেটে ডেমোক্র্যাটদের যুদ্ধবিরোধী প্রস্তাব ধোপে টেকেনি। যুদ্ধ চালিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাঁর পক্ষে ৫৩টি ভোট পড়েছে। আর তাঁর বিপক্ষে ভোট পড়ে ৪৭টি। সেক্ষেত্রে, একটা বিষয় স্পষ্ট যে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে চলেছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, যুদ্ধ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এর আগে ট্রাম্প দাবি করেছিল ৪ সপ্তাহ যুদ্ধ চলতে পারে। সেই পরিসংখ্যানটা আরও দ্বিগুন করা হয়েছে। অর্থাৎ দুই মাস পর্যন্ত যুদ্ধ চলতে পারে।