
প্যারিস: বন্ধু মোদীর (PM Narendra Modi) পাশে সবসময় রয়েছেন। আবারও একবার তা স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দুই রাষ্ট্রনেতার বন্ধুত্বের কথা সকলেরই জানা। তবে, তার মধ্যেও ভারতের দিকে আমেরিকার শুল্কবাণ ছুড়ে দেওয়া, ভারতীয় নাবিকদের উপর মার্কিন হামলা…ট্রাম্পের এই আগ্রাসন নীতির কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক একটা টানাপড়েন সৃষ্টি হয়েছিল। তবে, এর মধ্যেও ট্রাম্প বারবার মনে করিয়ে দিয়েছেন তাঁর সঙ্গে মোদীর বন্ধুত্বের (India-US Relation) কথা। ভারতের প্রধানমন্ত্রীর গুণগাণ করতেও থামেননি তিনি। এবার সেই বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করতে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন যদি ভারতের উপর হামলা হয়, তাহলে আমেরিকা ভারতের পাশে দাঁড়াবে।
বুধবার জি-৭ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের ফেব্রুয়ারির পর এটাই দুই রাষ্ট্রনেতার প্রথম সাক্ষাৎ। অপারেশন সিঁদুর, পশ্চিম এশিয়ার যুদ্ধের পর এই প্রথম দুই নেতার বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকেই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ট্রাম্প।
বৈঠকের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “মোদী যদি নেতা থাকেন এবং ভারতের উপর কোনও আক্রমণ হয়, তাহলে আমরা সাহায্য করার জন্য ভারতের পাশে থাকব।” পরে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “যদি কেউ এই মানুষটিকে আক্রমণ করে, সেখানেও আমরা তাঁর পাশে থাকব।” এরপরই রসিকতার সঙ্গ বলে ওঠেন, তবে যদি নতুন কোনও নেতা আসে, তখন কী হবে জানি না।” তাঁর এই মন্তব্যে হাসির রোল ওঠে।
ট্রাম্প বলেন, বর্তমানে ভারত ও আমেরিকার সম্পর্ক খুব ভালো। তাঁর কথায়, “ভারত ও আমেরিকার সম্পর্ক দারুণ। আমি এবং মোদী, আমাদের দুই দেশ—সব মিলিয়ে সম্পর্কের ভিত্তিটাই খুব শক্তিশালী।” সাম্প্রতিক সময়ে শুল্ক নীতি নিয়ে মতভেদ, ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার দাবি, ভারতীয়দের জন্য কঠোর মার্কিন অভিবাসন নীতি এবং ওমান উপকূলের কাছে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে এই বৈঠককে সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, “মোদীর সঙ্গে বাণিজ্যিক আলোচনায় তাঁকে মোকাবিলা করা সহজ নয়। যতদিন মোদী ভারতের নেতৃত্বে থাকবেন, ততদিন ভারত খুব ভালো কাজ করবে।”
সম্প্রতি, মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প শোকপ্রকাশ করেন। তিনি বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে শুনেছি। এটি অত্যন্ত কঠিন পেশা। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।” উল্লেখ্য, ওই ঘটনার জেরে ভারত ৪৮ ঘণ্টার মধ্যে দু’বার আমেরিকার কূটনীতিককে তলব করেছিল।