Hantavirus Update: ক্যানারি আইল্যান্ডে নোঙর করেছে হান্টাভাইরাস বহন করা জাহাজ, ভিতরে থাকা দুই ভারতীয় কেমন আছেন?

Hantavirus latest news: হান্টাভাইরাস আগেও ছড়ালেও, এইবার আতঙ্কের কারণ হয়ে উঠেছে এর মারণ স্ট্রেইন। হান্টাভাইরাসের অ্যানডেস স্ট্রেইন ছড়িয়ে পড়েছে ওই জাহাজে। হান্টাভাইরাসের এই স্ট্রেইনই মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণ ছড়াতে সক্ষম। 

Hantavirus Update: ক্যানারি আইল্যান্ডে নোঙর করেছে হান্টাভাইরাস বহন করা জাহাজ, ভিতরে থাকা দুই ভারতীয় কেমন আছেন?
জাহাজ থেকে নামানো যাত্রীদের স্যানিটাইজ করা হচ্ছে।Image Credit source: PTI

|

May 11, 2026 | 8:27 AM

মাদ্রিদ: হান্টাভাইরাস নিয়ে আতঙ্ক। ভারতেও এই সংক্রমণ এসে পৌঁছবে না তো? প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়ে পড়তে এবং একের পর এক আক্রান্তের মৃত্যুতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। উদ্বেগ আরও বেড়েছিল যখন জানা গিয়েছিল যে ওই জাহাজে দুইজন ভারতীয় ক্রু সদস্য রয়েছেন। গোটা বিশ্বেক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নেদারল্যান্ডের ওই লাক্সারি ক্রুজ শিপ এমভি হন্ডিয়াস (MV Hondius)। ওই ক্রুজ শিপ অবশেষে তীরে ভিড়েছে। স্পেনের ক্যানারি আইল্যান্ডে পৌঁছেছে ওই জাহাজ। ভিতরে থাকা ভারতীয় সহ বাকি যাত্রীদের কী অবস্থা?

স্পেনে ওই মারণ ভাইরাস বহন করা জাহাজ নোঙর করতেই মাদ্রিদে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, এই লাক্সারি ক্রুজ শিপে থাকা দুইজন ভারতীয় সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাদের শরীরে হান্টাভাইরাসের কোনও উপসর্গ দেখা যায়নি এখনও পর্যন্ত।

ইঁদুর থেকে ছড়ায় এই ভাইরাস।  মূলত ইঁদুরের মল, মূত্র বা লালা থেকে সংক্রমণ ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা দীর্ঘক্ষণ আক্রান্ত ব্যক্তির সঙ্গে থাকলে মানবদেহেও সংক্রমণ ছড়ায়।

জানা গিয়েছে, ১৫৭ জন যাত্রী ও ক্রু মেম্বারদের নিয়ে ক্যানারি আইল্যান্ডের টেনেরিফে নোঙর করে। আন্তর্জাতিক জনস্বাস্থ্য প্রোটোকল মেনে সেই জাহাজ থেকে যাত্রীদের নামানো হয়। বর্তমানে তাদের চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হচ্ছে। স্পেনের প্রশাসন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ একাধিক স্বাস্থ্য প্রতিষ্ঠান গোটা বিষয়টির উপরে নজর রাখছে।

হান্টাভাইরাস আগেও ছড়ালেও, এইবার আতঙ্কের কারণ হয়ে উঠেছে এর মারণ স্ট্রেইন। হান্টাভাইরাসের অ্যানডেস স্ট্রেইন ছড়িয়ে পড়েছে ওই জাহাজে। হান্টাভাইরাসের এই স্ট্রেইনই মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণ ছড়াতে সক্ষম।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার আশ্বস্ত করছে যে এই সংক্রমণ করোনার মতো আকার ধারণ করবে না। হু-র ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম গ্রেবিয়াসিস বলেছেন, “এটা আরেকটা কোভিড নয়”। করোনাভাইরাসের মতো ছড়ায় না এই ভাইরাস। জনস্বাস্থ্যের ঝুঁকি বা পাবলিক হেলথ রিস্ক তুলনামূলকভাবে কম। এখনও পর্যন্ত হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে ওই জাহাজের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আক্রান্ত কমপক্ষে ছয় থেকে আট জন।

মাদ্রিদের ভারতীয় দূতাবাসের তরফে গতকালই বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এমভি হন্ডিয়াস জাহাজে যে দুইজন ভারতীয় ছিলেন, তারা সুস্থ রয়েছেন। হান্টাভাইরাসের কোনও উপসর্গ দেখা দেয়নি তাদের শরীরে। আপাতত প্রোটোকল মেনেই তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Follow Us