Bangladesh: ‘আল্লাহ সইবে না…আমি ফিরব!’, বাংলাদেশে নির্বাচন নিয়ে দড়ি টানাটানির মাঝে বড় মন্তব্য হাসিনার

Bangladesh: দেশছাড়ার পরেও মাঝে মধ্যেই বাংলাদেশের নাগরিক, দলীর নেতা-কর্মীদের সঙ্গে ভিডিয়ো বার্তা দিয়ে থাকেন শেখ হাসিনা। সম্প্রতি, হাসিনার এমন ফোন মাধ্যমে দেশের নাগরিক-কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়ার প্রসঙ্গে ক্ষেপে গিয়েছিল ইউনূসের তদারকি সরকার।

Bangladesh: আল্লাহ সইবে না...আমি ফিরব!, বাংলাদেশে নির্বাচন নিয়ে দড়ি টানাটানির মাঝে বড় মন্তব্য হাসিনার
Image Credit source: PTI

|

Feb 18, 2025 | 2:52 PM

ঢাকা: জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিচার করবেন শেখ হাসিনা। আর সেই বিচার করতে বাংলাদেশেও ফিরবেন তিনি। কিন্তু কবে? তা অবশ্য জানা নেই। এদিন দেশজুড়ে হওয়া হাসিনা-বিরোধী আন্দোলনে মৃত পুলিশ কর্মীদের পরিবারগুলিকে এমনটাই আশ্বাস দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিয়ো কলের মাধ্যমে তাদের সঙ্গে কথা বললেন তিনি। বিচার যে পাবে তারা, সেই আশ্বাসটা দিলেন তিনি।

তাঁর কথায়, ‘ওরা যতই দায়মুক্তি দিক, হত্যার কখনও দায়মুক্তি হয় না। হত্যার বিচার হয়। আমি আসি, অবশ্যই বিচার হবে। আমার বাবা-মা, ভাইকে যারা হত্যা করেছিল, তাদেরও দায়মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু আমি এসে বিচারের ব্যবস্থা করেছিলাম।’ এরপর নিহত পুলিশ কর্মীদের পরিবারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সন্তানদের দেখাশোনা করুন। আমি পাশে থাকব। এর বিচার হবে। এত অরাজকতা, অন্যায়, অবিচার আল্লাহ সইবেন না।’

উল্লেখ্য, দেশছাড়ার পরেও মাঝে মধ্যেই বাংলাদেশের নাগরিক, দলীর নেতা-কর্মীদের সঙ্গে ভিডিয়ো বার্তা দিয়ে থাকেন শেখ হাসিনা। সম্প্রতি, হাসিনার এমন ফোন মাধ্যমে দেশের নাগরিক-কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়ার প্রসঙ্গে ক্ষেপে গিয়েছিল ইউনূসের তদারকি সরকার। হাসিনার বিরুদ্ধে বিজ্ঞপ্তিও জারি করেছিল তারা।

সেদেশের অন্দরে অস্থিরতার মাঝেই তৈরি হচ্ছে নির্বাচনী আবহ। কেউ না মুখ খুললেও, বাংলাদেশে যে খুব শীঘ্রই জাতীয় নির্বাচন হতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের। এমনকি, এই নির্বাচন নিয়ে বর্তমান তদারকি সরকারের উপর নানা ভাবে চাপ তৈরি করছে বিএনপি। ফলত, এই রাজনৈতিক আবহেই নিজেদের পালে হাওয়া দেওয়ার চেষ্টা করছে হাসিনার দল আওয়ামী লীগ। দেশের অন্দরে নানাবিধ কর্মসূচি শুরু করে দিয়েছে তারা। জনমানসে ফের একবার প্রাসঙ্গিক হতে আঁটছে পরিকল্পনা।

অন্যদিকে, আওয়ামী লীগকে নির্বাচন থেকে শত হস্ত দূরে রাখতে ময়দানে নেমে পড়েছে তদারকি সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলিও। সম্প্রতি, বৈষম্যবিরোধী আন্দোলনের মুখ নাহিদ ইসলামও এক সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগকে কোনও মতেই নির্বাচনে নামতে দেবে না তারা। বিচারপ্রক্রিয়া মাধ্যমেই রুখে দেওয়া হবে তাদের।

Follow Us