
নিউ ইয়র্ক: আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মানবতার বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজন করা হয়েছিল ‘ওয়ান ওয়ার্ল্ড: ওয়ান হিউম্যানিটি’ (One World: One Humanity) নামক একটি অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত। শনিবারের এই অনুষ্ঠানে তিনি বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা দেন।
নিউ ইয়র্কের অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, “বর্তমানে ধর্মকে অনেকটাই আচার-অনুষ্ঠানের মাধ্যমে দেখা হয়। ধর্মীয় নিয়মকানুন মেনে চলা এবং ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই আচার-অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। কিন্তু ধর্মের আসল উদ্দেশ্য কী? তাঁর মতে, ধর্ম মানুষকে সত্যের পথে নিয়ে যায়।”
তিনি বলেন, ‘‘আমি এমন একটি সমাজে কাজ করছি, যেখানে ঐতিহ্যগতভাবে মনে করা হয় যে ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানবতা এক। সত্য এক এবং সেই সত্য থেকেই মানবতার সৃষ্টি।’’
সমাজকে ভারতের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে শিক্ষিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ভাগবত। তিনি বলেন, “বিদেশি আক্রমণের পরেও ভারতের ঐতিহ্য টিকে রয়েছে”। এই ঐতিহ্য মানুষকে ‘এক পৃথিবী, এক মানবতা’-র ধারণা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নিজের বক্তব্যে হিন্দুধর্ম নিয়েও কথা বলেন আরএসএস (RSS) প্রধান। তিনি বলেন যে ২০১৮ সালে কয়েকজন মুসলিম তাঁকে আরএসএসের ‘হিন্দু রাষ্ট্র’ ভাবনা নিয়ে প্রশ্ন করেছিলেন। ভাগবত বলেন, ‘‘কোনও হিন্দু যদি মনে করেন যে ভারতে কোনও মুসলিম থাকা উচিত নয়, তাহলে তিনি হিন্দুধর্মের প্রকৃত ভাবনাকে অনুসরণ করছেন না।’’
তিনি আরও বলেন, হিন্দু জীবনধারার পথে চলার অনেক রাস্তা রয়েছে। পথ আলাদা হলেও শেষ পর্যন্ত তা একই পরম সত্যের দিকে নিয়ে যায়।
মানুষের মধ্যে মৌলিক কোনও পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যেক মানুষেরই সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে বলে জানান RSS প্রধান।
মোহন ভাগবত জানান, ভারতে বসবাসকারী মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে আরএসএস-এর পক্ষ থেকে যোগাযোগ ও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, ‘‘আলোচনা প্রথম পদক্ষেপ। সেবাও গুরুত্বপূর্ণ। তবে সেবা যে আলোচনার পরেই করতে হবে, এমন নয়। দুটো কাজ একইসঙ্গে চলতে হবে। আমরা মানুষের সেবা করছি এবং সেবা করার সময় কোনও ভেদাভেদ করি না।’’
RSS-এর কাজ নিয়ে প্রচারের তুলনায় সংগঠনটি অনেক পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ভুল প্রচারের কারণে আরএসএস সম্পর্কে মানুষের মধ্যে একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়েছে। কিন্তু মানুষ যখন তাঁদের কাজ নিজের চোখে দেখে এবং বিষয়টি বোঝার চেষ্টা করে, তখন সেই ধারণা দ্রুত বদলে যায়।
আধুনিক রাজনীতি নিয়েও নিজের মতামত জানান RSS প্রধান। তিনি বলেন, বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি অনেকটাই জনমতের উপর নির্ভরশীল। ফলে কোনও রাজনীতিকের পক্ষেই সহজে জনমতের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। তবে তাঁর মতে, রাজনীতির কারণে ধর্মীয় সম্প্রীতি অনেক সময় বাধাপ্রাপ্ত হচ্ছে। তিনি বলেন, “বর্তমানে রাজনীতি অনেক ক্ষেত্রেই স্বার্থের খেলায় পরিণত হয়েছে। যেখানে ‘আমি এবং আমার’ ভাবনা থাকে, সেখানে সমস্যার সমাধান হয় না। এর পরিবর্তে প্রয়োজন ‘আমরা এবং আমাদের’-এর ভাবনা। ভারতের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি, পরিবর্তন আনতে হলে সমাজ থেকেই শুরু করতে হবে। আমরা ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছি।”