
জাকার্তা: ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প (Indonesia Earthquake)। মঙ্গলবার সকালে ভূ-কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে। ইন্দোনেশিয়ার (Earthquake in Indonesia) জিওফিজিক্স সংস্থা বিএমকেজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। তবে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওযা যায়নি। তবে, আফটারশকের আশঙ্কা রয়েছে। সুনামিরও (Tsunami Alert) কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্র সুলাওয়েসির পালু শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ফলে কম্পনের তীব্রতা বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হতেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে মানুষ। ভূমিকম্পের তীব্রতায় আপাতত কোনও প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আফটারশকের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য,প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর উপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়শই ভূমিকম্পের খবর পাওয়া যায়। টেকটোনিক প্লেটের জটিল অবস্থানের ফলে প্রায়ই কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার মাটি। যেমন ২০২২ সালে জোড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেদেশের। প্রায় ২৫০-র বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে বহু শিশুও ছিল।