
লন্ডন: শতবর্ষে পা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন তাদের শতবর্ষ উপলক্ষে দেশ-বিদেশে একাধিক কর্মসূচি নিয়েছে। তারই অংশ হিসেবে আরএসএস (RSS)-এর সরসংঘচালক ড. মোহন ভাগবত ২ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডন সফর করছেন।
শতবর্ষ উদযাপনে আন্তর্জাতিক স্তরে সাংস্কৃতিক ও জনসংযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। সেই কর্মসূচির অংশ হিসাবে আরএসএস-এর সরসংঘচালক ড. মোহন ভাগবত ২ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছেছেন। আমেরিকা ও কানাডা সফরের পর এটিই তাঁর আন্তর্জাতিক সফরের শেষ পর্ব।
১৯২৫ সালে ড. কেশব বলিরাম হেডগেওয়ার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির মূলমন্ত্র হল, স্বাধীনতার পাশাপাশি একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সামাজিকভাবে দায়িত্বশীল সমাজ গড়ে তোলা। দীর্ঘ এক শতকে আরএসএস স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কল্যাণ, স্বনির্ভরতা-সহ বিভিন্ন ক্ষেত্রে সমাজসেবামূলক কাজ বিস্তার করেছে।
RSS-এর ২০২৫-২৬ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, দেশে ১ লক্ষ ৫২ হাজারেরও বেশি সমাজসেবামূলক উদ্যোগ পরিচালিত হচ্ছে। পাশাপাশি ১ লক্ষ ৩৪ হাজারের বেশি নিয়মিত স্থানীয় সভা বা ‘শাখা’ রয়েছে। সংগঠনটি ‘বসুধৈব কুটুম্বকম’—অর্থাৎ ‘সমস্ত বিশ্ব এক পরিবার’—এই ভাবনাকে তাদের শতবর্ষের অন্যতম প্রধান বার্তা হিসেবে তুলে ধরছে।
শতবর্ষ উপলক্ষে আরএসএস পাঁচটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব নিয়েছে। এগুলি হল- সামাজিক সম্প্রীতি, পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা, পরিবেশ সংরক্ষণ, স্বনির্ভরতা এবং নাগরিক দায়িত্ববোধ। সংগঠনের দাবি, সামাজিক পরিবর্তনের মাধ্যমে বৃহত্তর সমাজে ইতিবাচক পরিবর্তন আনা তাদের অন্যতম লক্ষ্য।
আরএসএস-এর তরফে জানানো হয়েছে, এই আন্তর্জাতিক সফরের অন্যতম উদ্দেশ্য হল ভারতীয় সভ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা বিশ্বের বিভিন্ন সমাজের কাছে পৌঁছে দেওয়া এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ আরও জোরদার করা।
এর আগে ২৯ আগস্ট নিউইয়র্কে বিভিন্ন ধর্মের ১৭৫ জন প্রতিনিধির সঙ্গে আন্তঃধর্মীয় বৈঠকে অংশ নেন মোহন ভাগবত। পরে ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে ‘Universal Oneness’ সম্মেলনে বক্তব্য রাখেন। আয়োজকদের দাবি, সেখানে ৬ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন। এরপর কানাডার টরন্টোতে ‘Hindu Vishwa Bandhu’ সম্মেলনে ২ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেন।
লন্ডনে ভাগবত বিভিন্ন ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, গবেষক এবং জনজীবনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করছেন। ইতিমধ্যেই তিনি উইলসডেনের শ্রী স্বামীনারায়ণ মন্দির এবং খালসা জাতা ব্রিটিশ আইলস গুরদ্বার পরিদর্শন করেছেন। জৈন মন্দিরেও তাঁর যাওয়ার কথা রয়েছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ব্রিটেনে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি ইহুদি, খ্রিস্টান, শিখ ও মুসলিম প্রতিনিধিদের সঙ্গেও আলাপচারিতার পরিকল্পনা রয়েছে।
৬ সেপ্টেম্বর লন্ডনে ‘Celebration of Oneness’ নামে একটি বিশেষ কমিউনিটি ও সভ্যতাভিত্তিক আলাপ-আলোচনার আয়োজন করা হয়েছে। আরএসএস-এর সহযোগী সংগঠন HSS UK এবং Integral-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটেনের ৩১০টিরও বেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
তবে ভাগবতের ব্রিটেন সফর নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। কয়েকটি সংগঠন লন্ডনের মেয়র সাদিক খানের কাছে তাঁর কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়ে অনুষ্ঠান বাতিলের আবেদন করেছে। অন্যদিকে, শতাধিক ব্রিটিশ হিন্দু ও কমিউনিটি সংগঠন ভাগবতকে স্বাগত জানিয়েছে। আরএসএস-র বক্তব্য, এই সফরের মূল লক্ষ্য রাজনৈতিক প্রচার নয়, বরং সভ্যতাভিত্তিক আলাপচারিতা, সামাজিক সম্প্রীতি এবং জনযোগাযোগকে আরও শক্তিশালী করা।