
কলকাতা: বিস্ময়, অলৌকিক! সব বিশেষণেই যেন মাপা যায় না ওদের! চরম বিপর্যয়ের মুখ থেকে বেঁচে ফিরে আসা দু’জন। সামাজিক মাধ্যমে ভাইরাল তারা। তাদের ছবিরে নিচে অজস্র কমেন্ট, শেয়ার! কিন্তু ওরা আজ ট্রমায়! আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠতে পারেনি এখনও। বেঁচে রয়েছে, এটাই যেন অবিশ্বাস্য ওদের কাছে।
প্রথম ছবি! কাদার স্রোতে সব হারিয়ে পাথরের ওপর এক তরুণীর শূন্যদৃষ্টিতে ঠায় বসে থাকা! নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের হাজারও ছবির মধ্যে সম্প্রতি সামাজিক মাধ্যমে এই ছবিটা অত্যন্ত ভাইরাল হয়েছে। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ওই তরুণী একেবারেই নির্বাক দৃষ্টিতে পাথরের ওপর বসে রয়েছেন। দৃশ্যত, তাঁর শরীর যেন নিঃসার। তাঁর আশপাশে বসে রয়েছেন নেপালি সেনাবাহিনীর আরও কয়েকজন কর্মী। তাঁরা তাঁকে উদ্ধার করেছেন।
চোখের সামনে সব কিছুকে হারিয়ে যেতে দেখে, পরিবারের সমস্ত সদস্যদের হারিয়ে তীব্র মানসিক ট্রমা ও আতঙ্কে ওই তরুণী রীতিমতো নির্বাক-নিঃসার। যেন তিনি মেনেই নিতে পারছেন না এই ঘটনা। হিমালয় থেকে নেমে আসা আকস্মিক বরফ, পাথর ও কাদার স্রোতে তাঁর ঘরবাড়ি এবং পরিবার ভেসে গেছে বলে জানা গিয়েছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘স্যাফরন চার্জার্স’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
আরও একটি ভাইরাল ছবি। নেপালের রাসুয়া জেলায় হড়পা বান ও কাদার ধ্বংসস্তূপের নিচে দীর্ঘ ৬০ ঘণ্টা আটকে থাকার পর ৫ থেকে ৬ বছর বয়সী এক শিশুকন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভাঙা টিনের শেডের নীচে আটকে ছিল সে। সেই ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনরাই প্রশ্ন করছেন, জীবনের অনেক পথ পেরোতে হবে ওদের। ছোটজন পারলেও, বড় জনের পক্ষে কি ওতটাও সহজ হবে ‘ট্রমা’ থেকে বেরিয়ে আসা! বাক্যিহারা দৃষ্টি যেন সে কথাই জানান দিচ্ছে।