
ইসলামাবাদ: বিশ্বের দরবারে লজ্জায় মাথা হেঁট হল পাকিস্তানের। গণধর্ষণ মামলায় গ্রেফতার হলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দরের আত্মীয়। দুই বিদেশি মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে।
পাকিস্তান পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের লাহোর আদালতে পেশ করা হয়েছিল। পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়েছে তাদের। এর মধ্য়ে মূল অভিযুক্ত যিনি, তিনিই পাক উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশাক দরের আত্মীয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, যেহেতু এই ঘটনায় পাক উপ-প্রধানমন্ত্রী ইশাক দরের ঘনিষ্ঠ আত্মীয় জড়িত, তাই এই মামলাটি খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, নির্যাতিতাদের মধ্যে একজন নেদারল্যান্ডস ও অপরজন ভেনেজুয়েলা থেকে এসেছিলেন। গত ২৯ জুন তাদের লাহোরে অপহরণ করে গণধর্ষণ করে পাঁচজন।
এক নির্যাতিতার বাবা স্পেনে থাকেন। তিনি ফোন করে পুলিশকে জানানোর পর খোঁজ-তল্লাশি চালিয়ে ওই দুই নির্যাতিতাকে উদ্ধার করা হয়। পুলিশ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে। গ্রেফতার করা হয়েছে চারজনকে। পঞ্চম ব্যক্তি পলাতক বলেই জানা গিয়েছে।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, মূল অভিযুক্ত, যিনি পাক বিদেশমন্ত্রীর আত্মীয়, তাঁর সঙ্গে ২০২৫ সালের অক্টোবরে সিঙ্গাপুরে আলাপ হয়। তিনিই পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের ক্রিপ্টোকারেন্সিতে যৌথ বিনিয়োগও ছিল।
ওই দুই মহিলার পাকিস্তানে আসার জন্য বিজনেস ভিসার ব্যবস্থাও করেছিলেন প্রভাবশালী মূল অভিযুক্ত। তাঁরা লাহোরে পা রাখতেই তাদের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং গণধর্ষণ করা হয়। এমনকী, মুক্তিপণও চাওয়া হয় তাদের কাছ থেকে।