PM Modi: ‘উদ্ভাবন শক্তি ভারতের DNA-তে রয়েছে, আমরা সমস্যার সমাধান করি’, ফ্রান্সে বললেন মোদী

PM Modi in France: ভারতের উদ্ভাবনী শক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,"উদ্ভাবন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হাজার হাজার বছর ধরে চিকিৎসাবিজ্ঞান, যোগ, গণিত ও বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের অবদান বিশ্বকে নতুন পথ দেখিয়েছে। উদ্ভাবন ভারতের ডিএনএ-তে রয়েছে।"

PM Modi: উদ্ভাবন শক্তি ভারতের DNA-তে রয়েছে, আমরা সমস্যার সমাধান করি, ফ্রান্সে বললেন মোদী
নরেন্দ্র মোদীImage Credit source: PTI

Jun 14, 2026 | 7:48 PM

নয়া দিল্লি: বিশ্ব মঞ্চে ভারতের শক্তিকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ফ্রান্স সফরে গিয়েছেন তিনি। সেখানেই স্টার্টআপ,গবেষণা এবং প্রযুক্তিতে ভারতের অগ্রগতিকে তুলে ধরলেন। একইসঙ্গে দাবি করলেন, উদ্ভাবন শক্তি ভারতের ডিএনএ-তে রয়েছে। ভারত এখন প্রযুক্তি শুধু ব্যবহারই করছেন না, প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্যারও সমাধান করছে।

ফ্রান্সের নিস শহরে ‘ভারত ইনোভেটস ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ভারত-ফ্রান্স দুই দেশের সম্পর্কের গুরুত্বকে তুলে ধরেন। মোদী জানান, দুই দেশের সম্পর্ক শুধু পারস্পরিক স্বার্থের উপর নির্ভরশীল নয়, বরং তা গড়ে উঠেছে অভিন্ন মূল্যবোধ, বিশ্বাস এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে।

মোদীর কথায়, “কিছু সম্পর্ক শুধুমাত্র স্বার্থের কারণে গড়ে ওঠে না,সেগুলি পরিচালিত হয় অভিন্ন লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি দ্বারা। ভারত ও ফ্রান্সের সম্পর্কও ঠিক তেমনই। এই সম্পর্কে বিশ্বাস যেমন রয়েছে, তেমন রয়েছে উদ্ভাবন, অনুপ্রেরণা এবং ভবিষ্যতের জন্য একসঙ্গে এগিয়ে চলার অঙ্গীকার।”

উদ্ভাবন ভারতের ডিএনএ-তে

ভারতের উদ্ভাবনী শক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,”উদ্ভাবন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হাজার হাজার বছর ধরে চিকিৎসাবিজ্ঞান, যোগ, গণিত ও বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের অবদান বিশ্বকে নতুন পথ দেখিয়েছে। উদ্ভাবন ভারতের ডিএনএ-তে রয়েছে। ভারত যা কিছু উদ্ভাবন করে, তার লক্ষ্য মানবকল্যাণ। ‘ভারত ইনোভেটস’ সেই ভাবনাকেই আরও এগিয়ে নিয়ে যেতে চায়।”

এআই ফর অল বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারতের ডিজিটাল বিপ্লবের মূল ভিত্তিই হল মানুষের জন্য প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দু ‘AI for All’। আমরা এমন প্রযুক্তি তৈরি করতে চাই, যা সমাজের প্রতিটি মানুষের উপকারে আসে।”

বিশ্ব অর্থনীতিতে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার প্রসঙ্গ তুলে মোদী বলেন, ভারত এখন আর শুধু অন্যের তৈরি সমাধান ব্যবহার করে না, বরং নিজেই নতুন সমাধান তৈরি করে বিশ্বের সামনে তুলে ধরছে। প্রধানমন্ত্রীর দাবি, বর্তমানে ভারতে ২ লক্ষেরও বেশি স্টার্টআপ রয়েছে। এই বিশাল স্টার্টআপ ইকোসিস্টেম শুধু দেশের অর্থনীতিকেই শক্তিশালী করছে না, বরং বৈশ্বিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Follow Us