PM Narendra Modi: রুটি-নুন দিয়ে অভ্যর্থনা, এবার স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী

PM Narendra Modi visits in Slovakia: স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান 'অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)'-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়ে মোদী লেখেন, এই পুরস্কার তাঁর একার নয়, ভারতের ১৪০ কোটি মানুষের। তিনি এই সম্মান ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে উৎসর্গ করেছেন।

PM Narendra Modi: রুটি-নুন দিয়ে অভ্যর্থনা, এবার স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী
নরেন্দ্র মোদীImage Credit source: x

Jun 16, 2026 | 6:18 PM

ব্রাতিস্লাভা: বিশ্বমঞ্চে ফের জয়জয়কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। এবার প্রধানমন্ত্রীর মুকুটে জুড়ল আরও এক আন্তর্জাতিক সম্মানের নয়া পালক। স্লোভাকিয়া (Slovakia) সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করলেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে করছে আন্তর্জাতিক মহল। তারই মধ্যে সেখানে নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করলেন প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এই নিয়ে বিশ্বজুড়ে প্রধানমন্ত্রী মোদীর (Modi) প্রাপ্ত আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা দাঁড়াল ৩৩।

ধন্যবাদ জ্ঞাপন মোদীর

স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়ে লেখেন, এই পুরস্কার তাঁর একার নয়, ভারতের ১৪০ কোটি মানুষের। একইসঙ্গে তিনি এই সম্মান ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে উৎসর্গ করেছেন।

স্লোভাকিয়া সফরে প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে স্লোভাকিয়া গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই সেদেশের রাজধানী ব্রাতিস্লাভায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছন। সেখানে তাঁকে রুটি ও নুন দিয়ে স্বাগত জানান প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। সেদেশের সংস্কৃতিতে অতিথিদের ব্রেড (রুটি) এবং নুন দিয়ে স্বাগত জানানো হয়। সেখানে পৌঁছতেই দুই নেতার মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কৌশলগত সহযোগিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। মোদীর সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং অন্যান্য শীর্ষ আধিকারিক।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রেসিডেন্সিয়াল প্যালেসে আয়োজিত একটি বিশেষ যোগা কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পেলেগ্রিনি। পরে প্রেসিডেন্টের সঙ্গে বারাণসী-প্রেরণায় তৈরি একটি বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন মোদী। এর আগে অবশ্য স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে মউ চুক্তিও স্বাক্ষরিত হয়। যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্লোভাকিয়া সফর এবং চলতি বছরে প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির ভারত সফরের পর মোদীর এই সফর ভারত-স্লোভাকিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিল বলে মনে করছেন কূটনৈতিক মহল।

Follow Us