
নিউ ইয়র্ক: আমেরিকার নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইমস স্কোয়ার। বহু ইতিহাসের সাক্ষী এই স্থান। সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় এই টাইমস স্কোয়ারেই দেখা গেল এক অস্বাভাবিক ছবি। টাইমস স্কোয়ারের বিশাল বিশাল বিলবোর্ডগুলির একটিতে চলল সদগুরু, অর্থাৎ, জগদীশ বাসুদেবের সঙ্গে মহাশিবরাত্রি পালনের এক ভিডিয়ো। আর সঙ্গে সঙ্গে, টাইমস স্কোয়ারে স্লোগান উঠল ‘শিব’ এবং ‘শম্ভু’র নামে। নিউ ইয়র্কবাসীরা নাচতে শুরু করলেন ‘হর হর মহাদেব’-এর তালে। শুধু অনাবাসী ভারতীয়রাই নন, বহু মার্কিনিকেও দেখা গেল শিবের আবেগে পা মেলাতে।
সোশ্যাল মিডিয়ায়, সদগুরু নিজেই এই অনন্য দৃশ্যের একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সঙ্গের ক্যাপশনে তিনি লিখেছেন, “মহাশিবরাত্রিতে স্বাগত নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার! গোটা পৃথিবী আজ উপলব্ধি করছে, শিবের এই মহান রাত্রি হল মানবিক সম্ভাবনা বৃদ্ধির উদযাপন এবং রূপান্তরের সুযোগ। আমাদের এটা করে দেখাতে হবে।”
টাইমস স্কোয়ারের এই অনন্য অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেক মার্কিনিই। মার্গারেট নামে এক মহিলা বলেছেন, “টাইম স্কোয়ারের বিলবোর্ডে সদগুরুর ছবি যখন দেখা গেল, তখন বাতাসে ছড়িয়ে পড়েছিল ভালোবাসা। যা দেখে আবেগে আমার চোখ দিয়ে জল ঝরছিল। এটা ছিল এক অদ্ভুত উদযাপনের রাত। মানুষে মানুষে মেলামেসার রাত। আর এই রাত আমাদের বুঝিয়ে দিয়েছে, যে কোনও জায়গায়, এমনকি টাইমস স্কোয়ারের কেন্দ্রস্থলেও আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করা যেতে পারে।”
আগামী ৮ মার্চ, তামিলনাড়ুতে আদিযোগীর মুখাবয়বের সামনে মহাশিবরাত্রী পালন করবেন সদগুরু। গোটা বিশ্বের প্রায় ১৪ কোটি মানুষ এই অনুষ্ঠানের সাক্ষী হবেন বলে আশা করা হচ্ছে। বস্তুত, সদগুরুর এই মহাশিবরাত্রির অনুষ্ঠান নিয়ে গত কয়েক বছর ধরে গোটা বিশ্বে আগ্রহ তৈরি হয়েছে। এই বছরও তার ব্যতিক্রম নয়। গোটা রাত ধরে চলবে মহাশিবরাত্রীর উদযাপন। সদগুরুর নেতৃত্বে ধ্যান করবেন শিব ভক্তরা। এছাড়া, গান-বাজনা, নৃত্য পরিবেশনার মতো সাংস্কৃতি অনুষ্ঠানও থাকবে। ৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে, ৯মার্চ ভোর ৬টা পর্যন্ত, সদগুরুর ইউটিউব চ্যানেলে বিশ্বব্যাপী ২২টি ভাষায় এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেবেন বহু বিশিষ্ট মানুষ। তাঁদের মধ্যে আছেন, ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, শঙ্কর মহাদেবন, গুরুদাস মান প্রমুখরা।