US Tariff: ভারতের উপর এবার ৫০০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা? নতুন বিল আনতে চলেছে মার্কিন কংগ্রেস

US Tariff on India: চার সেনেটরের তরফে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এই চার সেনেটরের মধ্যে রয়েছেন রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও রজার উইকার এবং ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল ও জিন শাহিন। তাঁরা বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে চাপ আরও বাড়াতেই এই বিল আনা হচ্ছে। এই প্রস্তাবিত বিলে বলা হয়েছে, যে দেশগুলি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম বা অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কিনবে, তাদের পণ্য ও পরিষেবার উপর আমেরিকা অতিরিক্ত শুল্ক (Tariff) চাপাতে পারে।

US Tariff: ভারতের উপর এবার ৫০০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা? নতুন বিল আনতে চলেছে মার্কিন কংগ্রেস
ডোনাল্ড ট্রাম্পImage Credit source: Tv9 Bangla

Jul 11, 2026 | 1:12 PM

ওয়াশিংটন: ভারতের উপর ফের শুল্ক চাপাতে পারে আমেরিকা(America)? আগে রাশিয়ার (Russia Oil) থেকে তেল কেনার কারণে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক (US Tariff on India) আরোপ করেছিল আমেরিকা। পরে তা সম্পূর্ণ তুলে নেওয়া হয়। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার থেকে তেল কেনাতেও ছাড় দিয়েছিল আমেরিকা। কিন্তু, এবার রাশিয়ার থেকে তেল কেনার উপর বড় সিদ্ধান্ত নিতে চলেছে ট্রাম্প (Donald Trump) প্রশাসন। অর্থাৎ, রাশিয়ার কাছ থেকে যে দেশগুলি এখনও তেল কিনছে, সেই দেশগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন করে শুল্ক চাপানোর চিন্তাভাবনা চলছে। এই সংক্রান্ত একটি বিলও আনতে পারে মার্কিন কংগ্রেস (US Congress)। এই পরিস্থিতিতে নতুন করে চাপে পড়তে পারে ভারত।

মার্কিন কংগ্রেসের চার প্রভাবশালী সেনেটর জানিয়েছেন, রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিল নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা হয়েছে। খুব শীঘ্রই সেই বিল কংগ্রেসে আনা হবে বলে জানানো হয়েছে।

কী রয়েছে প্রস্তাবিত বিলে?

চার সেনেটরের তরফে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এই চার সেনেটরের মধ্যে রয়েছেন রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও রজার উইকার এবং ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল ও জিন শাহিন। তাঁরা বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে চাপ আরও বাড়াতেই এই বিল আনা হচ্ছে। বিলটির নাম হল Sanctioning Russia Act of 2025। এই প্রস্তাবিত বিলে বলা হয়েছে, যে দেশগুলি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম বা অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কিনবে, তাদের পণ্য ও পরিষেবার উপর আমেরিকা অতিরিক্ত শুল্ক (Tariff) চাপাতে পারে।

বিলের প্রথম খসড়ায় ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব ছিল। যদিও পরে তা কিছুটা শিথিল করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তবে সংশোধিত বিলের চূড়ান্ত খসড়া এখনও প্রকাশ করা হয়নি।

ভারতকেও হুঁশিয়ারি

ভারতকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই বিলের অন্যতম সমর্থক সিনেটর লিন্ডসে গ্রাহাম আগেই সতর্ক করে বলেছিলেন, “চিন ও ভারত যদি রাশিয়ার যুদ্ধযন্ত্রকে জ্বালানি জোগাতে থাকে, তাহলে তার ফল ভোগ করতে হবে।” অর্থাৎ রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে দিনের পর দিন যুদ্ধ চালানোর জন্য বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। সেখানে রাশিয়ার থেকে তেল কিনে সাহায্য করলে চরম শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে আসছে। আমেরিকার ট্রেজারি দফতর আগে একটি বিশেষ ছাড় দিয়েছিল। তবে সেই ছাড়ের মেয়াদ ১৭ জুন শেষ হয়েছে।

ট্রাম্প প্রশাসনের সমর্থন

মার্কিন সেনেটে এই বিলের পক্ষে ইতিমধ্যেই ৮৪ জন সেনেটর সমর্থন জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়ার উপর চাপ বাড়ানোর হাতিয়ার হিসেবে এই বিলকে ব্যবহার করা হতে পারে। তবে ট্রাম্পের সমর্থনের ইঙ্গিত মিললেও, বিলটি এখনও আইনে পরিণত হয়নি। ফলে এর চূড়ান্ত রূপ কী হবে এবং ভারত-সহ অন্যান্য দেশ কতটা প্রভাবিত হবে, তা এখনই নিশ্চিত নয়।

বিশেষজ্ঞদের মতে, যদি এই আইন কার্যকর হয়, তাহলে রাশিয়ার তেলের উপর নির্ভরশীল দেশগুলির জন্য নতুন কূটনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ভারতের ক্ষেত্রেও জ্বালানি আমদানি, বাণিজ্য এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের উপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Follow Us