
ওয়াশিংটন: গত মাসের শেষভাগেই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ইরান-আমেরিকা (Iran-USA Ceasefire)। যুদ্ধ থামিয়ে দুই দেশ শান্তির পথে ফেরার বার্তা দিয়েছিল, কিন্তু সেই চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই ভেঙে গেল। আজ, বুধবার ন্যাটো সামিট (NATO Summit) থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করলেন যে ইরানের সঙ্গে সংঘর্ষবিরতি শেষ। ইরানিয়ানদের সঙ্গে তিনি আর কোনও চুক্তি করতে চান না।
ইরানের সুপ্রিম লিডার খামেনেইয়ের জন্য সাতদিনের শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়েছিল। তার মাঝেই আমেরিকা ইরানে হামলা করল। এ দিন আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার মনে হয়, এই চুক্তি শেষ। আমি এদের সঙ্গে আর কোনও চুক্তি করতে চাই না, এরা নীচ, জঘন্য মানুষ। এদের নেতৃত্বেও রয়েছে জঘন্য ব্যক্তিরা। এরা খুব হিংস্র মানুষ। যদি এদের কাছে পরমাণু অস্ত্র থাকে, তাহলে তারা এটা ব্যবহার করবেই। আমার মতে, এটা (চুক্তি) শেষ।”
ইরানের নেতৃত্বদের মিথ্যাবাদী, প্রতারক ও অসুস্থ মানুষ বলে উল্লেখ করেন ট্রাম্প। বলেন,আমেরিকা গত রাতে ইরানের ভয়ঙ্কর বিপজ্জনক মানুষদের উপরে হামলা করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তিনটি জাহাজে হামলার পরই আমেরিকা পাল্টা হামলা করে। আমেরিকার দাবি, ইরানের সেনা এই হামলা করেছে।
তিনি বলেন, “আমি ওদের সঙ্গে আর সময় নষ্ট করতে চাই না। যদি ওরা চায়, তবে আমাদের মধ্যস্থতাকারীরা কথা বলবে, কিন্তু আমি আর কিছু দেখছি না। এটা শুধু সময় নষ্ট। ওরা মিথ্যাবাদী।”
আমেরিকা ইরানের উপরে হামলা করার পরই ইরানও পাল্টা হামলা করেছে। ওমান সাগরে মার্কিন রণতরীতে হামলা করা হয়েছে। এদিকে, আজ বুধবার সকালেও দক্ষিণ ইরানের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছেে। খার্গ দ্বীপ, যা তেলের ভাঁড়ার, সেখানেও বিস্ফোরণ হয়েছে। একইসঙ্গে কাশেম আইল্যান্ড, সিরিক ও বন্দর আব্বাসেও মিসাইল বর্ষণ হয়েছে।