H-1B Visa Rules: H-1B-র পর H-4 ভিসায় কোপ! স্বামী-স্ত্রীর চাকরির অনুমতি কেড়ে নেবে আমেরিকা?

H-1B Spouse Work Permit Rules: পরিসংখ্যান বলছে, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতীয়দের উপর। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত H-4 EAD-এর অনুমোদনের প্রায় ৯৩ শতাংশ ছিলেন ভারতীয়। তাঁদের মধ্যে প্রায় ৯৪ শতাংশই ছিলেন মহিলা। ফলে H-4 ইএডি বাতিল হলে বিপুল সংখ্যক ভারতীয় পরিবার আর্থিকভাবে প্রভাবিত হতে পারে।

H-1B Visa Rules: H-1B-র পর H-4 ভিসায় কোপ! স্বামী-স্ত্রীর চাকরির অনুমতি কেড়ে নেবে আমেরিকা?
ডোনাল্ড ট্রাম্পImage Credit source: PTI

Sep 01, 2026 | 9:22 AM

ওয়াশিংটন: H-1B ভিসা নিয়ে টানাপোড়েন চলছে। এবার H-4 ভিসার ক্ষেত্রেও কোপ আমেরিকা প্রশাসনের। H-1B ভিসা হোল্ডারদের স্বামী বা স্ত্রীয়ের ওয়ার্ক পারমিট এবার বাতিল করা হবে। যদিও, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধুমাত্র প্রস্তাব দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে। তবে, এই প্রস্তাব কার্যকর হলে এক দশকেরও বেশি সময় ধরে চালু থাকা নিয়ম বদলে যাবে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতীয়দের উপর।

প্রস্তাবে ঠিক কী বলা হয়েছে?

মূলত, আমেরিকায় কাজ করার জন্য অন্য দেশের নাগরিকদের জন্য H-1B ভিসা লাগে। তবে, দম্পতির ক্ষেত্রে নিয়মটা আলাদা। দেখা যায়, স্বামীর H-1B ভিসা নিয়ে আমেরিকায় কাজ করছেন। কিন্তু, তাঁর স্ত্রীর রয়েছে H-4 ভিসা। এটা উল্টোটাও হতে পারে। অর্থাৎ H-1B ভিসা হোল্ডারের উপর নির্ভরশীল স্বামী বা স্ত্রীদের H-4 ভিসা দেওয়া হয়। আর তাঁদের কাজের অনুমতির জন্য এমপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্টের প্রয়োজন হয়। কিন্তু, ট্রাম্প প্রশাসন এখন সেই এমপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্ট বা ইএডি বন্ধ করে দিতে চাইছে। আপাতত প্রস্তাব দেওয়া হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্টে যেতে পারে ২০১৫ সালের নিয়ম

২০১৫ সালে তৎকালীন ওবামা প্রশাসন নির্দিষ্ট কিছু H-4 ভিসা হোল্ডারদের আমেরিকায় বৈধভাবে কাজ করার সুযোগ দিয়েছিল। মূলত যে সমস্ত H-1B ভিসা হোল্ডার গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের যোগ্য স্বামী বা স্ত্রী EAD-এর জন্য আবেদন করতে পারেন। ট্রাম্প প্রশাসনের বর্তমান প্রস্তাব কার্যকর হলে ২০১৫ সালের সেই নিয়ম প্রত্যাহার করা হবে। ফলে সংশ্লিষ্ট H-4 ভিসা হোল্ডাররা আর কাজের অনুমতির জন্য আবেদন করতে পারবেন না।

সবচেয়ে বেশি প্রভাব ভারতীয়দের উপর?

পরিসংখ্যান বলছে, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতীয়দের উপর। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত H-4 EAD-এর অনুমোদনের প্রায় ৯৩ শতাংশ ছিলেন ভারতীয়। তাঁদের মধ্যে প্রায় ৯৪ শতাংশই ছিলেন মহিলা।

অন্যদিকে, USCIS-এর তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবর্ষে অনুমোদিত H-1B পিটিশনের প্রায় ৭১ শতাংশই ছিল ভারতীয়। ফলে H-4 ইএডি বাতিল হলে বিপুল সংখ্যক ভারতীয় পরিবার আর্থিকভাবে প্রভাবিত হতে পারে।

এখনই কি কাজ বন্ধ করতে হবে H-4 ভিসা হোল্ডারদের?

উত্তর হল না। শুধুমাত্র প্রস্তাব দেওয়া হয়েছে। চূড়ান্ত নিয়ম নয়। ফলে বৈধ EAD থাকা H-4 ভিসা হোল্ডাররা আপাতত আগের মতোই আমেরিকায় কাজ করতে পারবেন। সবশেষে চূড়ান্ত নিয়ম প্রকাশ করা হলে তবেই পরিবর্তন কার্যকর হতে পারে।

H-4 ভিসা এবং EAD কী?

H-4 নিজে কোনও ওয়ার্ক ভিসা নয়। H-1B ভিসা হোল্ডারদের স্বামী বা স্ত্রী এবং সন্তানরা তাঁদের সঙ্গে আমেরিকায় থাকার জন্য H-4 ভিসা পেতে পারেন। কিন্তু চাকরি করার জন্য আলাদা ইএডি প্রয়োজন। বর্তমান নিয়মে সমস্ত H-4 ভিসা হোল্ডাররা EAD পান না। মূলত যাঁদের H-1B ভিসা হোল্ডারের স্বামী বা স্ত্রী গ্রিন কার্ড পাওয়ার নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাঁদের ক্ষেত্রেই এই সুযোগ পাওয়া যায়। EAD না থাকলে H-4 ভিসায় আমেরিকায় বসবাস করা গেলেও আইনত চাকরি করা যায় না।

Loading...
Unable to load recommendations.
Follow Us