India Inflation: পকেট ফাঁকা ১০০ কোটি ভারতীয়র! সংসার টেনে শখ মেটাতে গেলেই খাচ্ছে হিমশিম

India Inflation: এদিকে আয়? একটি সমীক্ষা অনুযায়ী, মাসে ২৫ হাজার টাকা বেতনভোগী মানুষরা ভারতের মোট জনসংখ্যার ১০ শতাংশের মধ্যে পড়ে থাকেন। অর্থাৎ, বাকি ৯০ শতাংশ মাসে ন্যূনতম ২৫ হাজার টাকা অবধিও রোজগার করতে পারছেন না।

India Inflation: পকেট ফাঁকা ১০০ কোটি ভারতীয়র! সংসার টেনে শখ মেটাতে গেলেই খাচ্ছে হিমশিম
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Feb 27, 2025 | 2:54 PM

কলকাতা: একটা গোটা পরিবার চালাতে কোন খাতে সবচেয়ে বেশি খরচ হয়? একদিকে বাড়ন্ত বাজার-দর, অন্যদিকে, সরকারি স্কুলগুলিতে পড়ন্ত শিক্ষার মান, চিকিৎসা ক্ষেত্রে হুড়মুড়িয়ে বাড়ছে খরচ। বাড়িতে আবার বয়স্ক কেউ থাকলেই মাসে ওষুধ ও চিকিৎসা খরচ নির্দ্বিধায় ছুঁয়ে ফেলছে পাঁচ থেকে ছয় হাজারের গন্ডি। এমনকি, শুধু বয়স্ক নয়, অনিয়মের জীবনযাপনে ক্ষতি হচ্ছে যুব প্রজন্মের শরীর-স্বাস্থ্যেও।

আবার, শিক্ষার খরচ, সে তো আকাশছোঁয়া। সাধারণ সরকারি স্কুলে নেই শিক্ষক। পড়ছে পড়াশোনার মান। স্থানীয় ভাষায় শিক্ষা নিয়ে বিশ্ব ছোঁয়ার প্রতিযোগিতাতেও রয়েছে পিছিয়ে পড়ার সম্ভবনা। তাই ভর্তি করতে হবে ইংরেজি মিডিয়াম স্কুলে। তাতেও তো খরচ আকাশছোঁয়া। পরিসংখ্য়ান বলছে, ভারতের সমস্ত শহরে ছেলেমেয়ের পড়াশোনার জন্য অভিভাবকরা গড়ে বছরে কমপক্ষে ৪৩ হাজার টাকা খরচ করে থাকে।

এদিকে আয়? একটি সমীক্ষা অনুযায়ী, মাসে ২৫ হাজার টাকা বেতনভোগী মানুষরা ভারতের মোট জনসংখ্যার ১০ শতাংশের মধ্যে পড়ে থাকেন। অর্থাৎ, বাকি ৯০ শতাংশ মাসে ন্যূনতম ২৫ হাজার টাকা অবধিও রোজগার করতে পারছেন না। যেখানে ‘পাগলা ঘোড়ার’ মতো ছুটছে মূল্যবৃদ্ধি, তার পাল্টা যেন বারবার হোঁচট খাচ্ছে বেতন বৃদ্ধির পরিমাপ।

সম্প্রতি, এই প্রসঙ্গে একটি রিপোর্টও প্রকাশ করেছে ব্লুম ভেনচার নামে এক সংস্থা। কী বলছে তারা? সেই রিপোর্ট অনুযায়ী, ১০০ কোটি জনগণের কাছে সংসারের গুরুত্বপূর্ণ খরচগুলির বাইরে বাড়তি খরচের জন্য সিকি পয়সাও নেই। অর্থাৎ, টেনে টুনে সংসারটা চালানো গেলেও, নিজেদের শখ পূরণের প্রসঙ্গ আসতেই ‘চুপ’ থাকতে হচ্ছে তাদের।

বর্তমানে দেশের মোট জিডিপি দাঁড়িয়ে কনসিউমিং ক্লাস বা ভোগবাদী শ্রেণীর উপর। এই রিপোর্টে বলা হয়েছে, ভারতের কনসিউমার মার্কেট দিন প্রতিদিন যত না সম্প্রসারণ হচ্ছে তার থেকে বেশি গভীর হচ্ছে। যার জেরে দেশে গরীব থেকে ধনী হওয়ার পরিমাণ দিনকে দিন আরও তলানিতে এসে ঠেকেছে। অন্যদিকে, ধনীরা আরও ধনী হয়েছেন।

Follow Us