
নয়া দিল্লি: নোটবন্দির পর দেশ জুড়ে ক্রমশ জনপ্রিয় হয়েছে ইউপিআই না ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস। সব্জি বাজার থেকে শুরু করে ফোনের বিল, যে কোনও লেনদেন মুহূর্তের মধ্যে সেরে ফেলতে পারেন গ্রাহকরা। ইউপিআই-এর এই লেনদেনর জন্য আলাদা করে কোনও চার্জ নেই, ‘ফ্রি’-তেই পেমেন্ট করা যায়। এবার সেই ইউপিআই নিয়ে একটি বিল পাশ হল লোকসভায়। ওই বিন অনুসারে ব্যাঙ্ক ও অন্যান্য ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থা চার্জ বসাতে পারবে।
বর্তমানে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহক বা ব্যবসায়ীদের কাছ থেকে কোনও এমডিআর (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) নেওয়া হয় না। এই বিলে সংশোধন আনার ফলে কেন্দ্র চাইলে নির্দিষ্ট ধরনের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে চার্জ বসানোর অনুমতি দিতে পারবে। সরকারের দাবি, ডিজিটাল পেমেন্টের পরিকাঠামোকে আরও টেকসই করতে এই সংশোধন আনা হয়েছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি পেশ করেন। সরকার জানিয়েছে, ভবিষ্যতে কোন ধরনের লেনদেনের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে, কত হারে হবে এবং কবে থেকে কার্যকর হবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে আপাতত UPI লেনদেনে কোনও পরিবর্তন হচ্ছে না।
জানা গিয়েছে, এমডিআর নিয়ে দীর্ঘদিন ধরেই সরকারের উপর চাপ তৈরি হচ্ছিল। পেমেন্ট ইন্ডাস্ট্রি তথা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এই রেট চালু করার দাবি জানাচ্ছিল। কিন্তু ২০০৭ সালের আইন অনুসারে ব্যাঙ্ক ও পেমেন্ট সিস্টেম কোনও চার্জ বসাতে পারত না।