
নয়া দিল্লি: স্বাধীনতা দিবস উপলক্ষে ৮ অগস্ট ফ্লিপকার্টে (Flipkart Sale) শুরু হচ্ছে সেল। তার আগে আরও একটা দুর্দান্ত পরিষেবা চালু করল ফ্লিপকার্ট। এই পরিষেবায় আপনি কোনও জিনিস কিনে পরেও টাকা মেটাতে পারবেন। অনলাইন কেনাকাটায় গ্রাহকদের আরও সুবিধা দিতে পে লেটার (Pay Later) নামে পরিষেবা চালু করেছে সংস্থা। এই পরিষেবার জন্য PayU ফিনান্সের সঙ্গে হাত মিলিয়েছে সংস্থাটি। ফলে গ্রাহকরা এখনই পছন্দের জিনিস কিনে ৩০ দিন পরেও তার দাম শোধ করতে পারবেন।
ফ্লিপকার্ট জানিয়েছে, ফ্লিপকার্ট, মিন্ত্রা, ফ্লিপকার্ট মিনিটস…এই তিনটি প্ল্যাটফর্মেই ‘পে লেটার’ পরিষেবা পাওয়া যাবে। ফ্যাশন, গ্রোসারি, ইলেকট্রনিক্স, ফার্নিচার-সহ একাধিক জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে এই সুবিধা মিলবে। এই পরিষেবায় PayU ফিনান্স লাইসেন্সপ্রাপ্ত ঋণদাতা (Lender) হিসেবে কাজ করবে। অন্যদিকে, ফ্লিপকার্ট ফিনান্স গ্রাহক পরিষেবা পরিচালনা করবে।
ফ্লিপকার্টের ফ্রিডম সেল শুরু হওয়ার ঠিক আগেই এই পরিষেবা চালু করা হয়েছে। সংস্থার আশা, উৎসবের মরশুমে গ্রাহকদের কেনাকাটা আরও সহজ হবে। এছাড়াও SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ফ্রিডম সেলে বিশেষ ছাড় ও অফারের ঘোষণা করেছে ফ্লিপকার্ট। ফলে নতুন ‘পে লেটার’ সুবিধার পাশাপাশি কার্ড অফার মিলিয়ে গ্রাহকরা আরও বেশি সাশ্রয়ের সুযোগ পাবেন।
ফ্লিপকার্ট জানিয়েছে, ফ্রিডম সেলে বেশ কয়েকটি জনপ্রিয় ডিভাইসের উপর ছাড় দেওয়া হবে। তার মধ্যে রয়েছে, আইফোন ১৭, স্যামসাং গ্যালাক্সি এস২৫, মোটোরোলা এডজ ৭০ ফিউশন (Motorola Edge 70 Fusion)। এছাড়া, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস-এও ছাড় মিলবে। ইতিমধ্যেই এই ডিভাইসটি উইশলিস্টে যোগ করার সুযোগ দেওয়া হয়েছে।