
নয়া দিল্লি: ইপিএফ গ্রাহকরা খুব শীঘ্রই পেতে চলেছেন সুখবর। দেশের কোটি কোটি ইপিএফ (EPF) গ্রাহক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে পিএফের বার্ষিক সুদের টাকা জমা পড়ার অপেক্ষা করছেন অধীর আগ্রহে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য সুদের হার ৮.২৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) খুব শীঘ্রই এই টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে।
পিএফ অ্যাকাউন্টে প্রতি মাসেই টাকা জমা পড়ে। কর্মীর বেতন থেকে একটা অংশ টাকা কেটে নেওয়া হয় পিএফে কন্ট্রিবিউশনের জন্য, একইভাবে যে সংস্থায় কাজ করেন, তারাও ওই সম পরিমাণ টাকা জমা করে পিএফ অ্যাকাউন্টে। এর পাশাপাশি বছরে একটি নির্দিষ্ট সুদের হারে টাকা জমা পড়ে। পিএফ অ্যাকাউন্টে যে জমা টাকা থাকে, তার উপরে ওই সুদের হার হিসাব করেই টাকা দেওয়া হয়।
অনেকেই মনে করেন যে পিএফ (PF)-এর সুদের টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে জমা হয়। কিন্তু আসলে নিয়মটি তেমন নয়। EPFO পুরো অর্থবর্ষ জুড়ে অ্যাকাউন্টে থাকা মোট জমা অর্থের উপরে ভিত্তি করে সুদের হিসাব করা হয় এবং বছরের শেষে সুদের টাকা এক ধাপে অ্যাকাউন্টে ক্রেডিট বা জমা করা হয়। বার্ষিক সুদের টাকা জমা পড়লে, গ্রাহকরা পিএফ ব্যালেন্সে এক লাফে বেশ বড়সড় বৃদ্ধি দেখতে পান।
আপনার অ্যাকাউন্টে কত টাকা সুদ আসবে, তা সম্পূর্ণ নির্ভর করছে পিএফ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স বা টাকা জমা রয়েছে, তার উপরে।
সহজ কথায়, পিএফ অ্যাকাউন্টে জমা অর্থের পরিমাণ যত বেশি হবে, সুদের টাকাও তত বেশি হবে।
সুদের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, তা ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে বিভিন্ন উপায়ে দেখে নেওয়া সম্ভব। বিভিন্ন উপায়ে এই ব্য়ালেন্স দেখা যায়। উমঙ্গ অ্য়াপ দিয়ে বা ইপিএফও-র পোর্টালে লগ ইন করে কিংবা মিসড কল দিয়ে বা এসএমএসের মাধ্য়মেও পিএফ ব্যালেন্স দেখা যায়।