Maha Kumbh 2025: আয় ৪,০০,০০,০০,০০,০০,০০০ কোটি টাকার বেশি, মহাকুম্ভ যেন সাক্ষাৎ ধনলক্ষ্মী

Maha Kumbh 2025: বুধবার ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শেষ রাজকীয় স্নানের মাধ্যমে সমাপ্তি হয়েছে মহাকুম্ভের। মেলা শেষের পরেও অর্থনৈতিক বিশেষজ্ঞদের সেই ভবিষ্যদ্বাণী সত্যি বলেই প্রমাণিত হয়েছে।

Maha Kumbh 2025: আয় ৪,০০,০০,০০,০০,০০,০০০ কোটি টাকার বেশি, মহাকুম্ভ যেন সাক্ষাৎ ধনলক্ষ্মী
Image Credit source: PTI

Feb 27, 2025 | 2:13 PM

উত্তর প্রদেশের প্রয়াগরাজ। অবশ্য এখন বলা ভাল কুম্ভ নগরী। ১৪৪ বছর পর আয়োজন হয়েছিল মহা কুম্ভের। ৪৫ দিন ধরে চলা এই মেলা কোটি কোটি ভক্ত সমাগম হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক এবং ধর্মীয় সমাবেশ তো বটেই, আর্থিক দিক থেকেও ততটাই গুরুত্বপূর্ণ ছিল এই মেলা। বিশেষজ্ঞরা মেলা শুরু হওয়ার আগেই বলেছিলেন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই মেলা যে উত্তর প্রদেশ সরকারের কোষাগার ভরে দেবে তাই নয় বরং দেশের জিডিপিতে ২-৩ শতাংশ অবদান রাখতে পারে।

বুধবার ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শেষ রাজকীয় স্নানের মাধ্যমে সমাপ্তি হয়েছে মহাকুম্ভের। মেলা শেষের পরেও অর্থনৈতিক বিশেষজ্ঞদের সেই ভবিষ্যদ্বাণী সত্যি বলেই প্রমাণিত হয়েছে।

৪৫ দিনব্যাপী এই মহাকুম্ভে, ১০০ রও বেশি দেশ থেকে ভক্তরা প্রয়াগরাজে আসেন পুণ্যস্নান করতে। পরিবহন খাত থেকে শুরু করে আতিথেয়তা, পর্যটনের মতো অনেক ক্ষেত্রেই ব্যবসায় ব্যাপক বৃদ্ধি হয়েছে। ৪৫ দিনে ৪ লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা হয়েছে বলেই খবর।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, শুধুমাত্র মহাকুম্ভই উত্তরপ্রদেশের অর্থনীতিকে ৩ কোটি টাকারও বেশি বৃদ্ধি করতে সাহায্য করবে। উত্তরপ্রদেশের অর্থনীতির জন্য মহাকুম্ভ এক বিরাট আশীর্বাদ। মহাকুম্ভের ৪৫ দিনের মধ্যে, ৬৫ কোটিরও বেশি ভক্ত প্রয়াগরাজে পৌঁছে সঙ্গমে স্নান করেছেন। প্রত্যাশার চেয়ে দ্বিগুণ ভক্তদের সমাগম ঘটে।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের সাধারণ সম্পাদক এবং দিল্লির চাঁদনী চক আসনের লোকসভার সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল জানান, মহাকুম্ভে আগত বিপুল সংখ্যক ভক্ত কাশী, অযোধ্যা এবং চিত্রকূটেও ভ্রমণ করেন। এই কারণেই বিভিন্ন ঐতিহাসিক অঞ্চলের মোট ৪ লক্ষ কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে।

তিনি বলেন, “আমাদের অনুমান, মহাকুম্ভের সময় প্রয়াগরাজ, অযোধ্যা, কাশী, চিত্রকূট এবং মির্জাপুরে ৪ লক্ষ কোটি টাকারও বেশি টাকার ব্যবসা হয়েছে। একই সময়ে, শুধুমাত্র প্রয়াগরাজে মহাকুম্ভের সময় ৩ লক্ষ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। মহাকুম্ভের সময়, উত্তরপ্রদেশ সরকার ২৫ হাজার থেকে ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছিল।”

Follow Us