
নয়াদিল্লি: ট্রেনে বসেই খাবার অর্ডার করার প্রবণতা গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। এখন এক ক্লিকেই ট্রেনে বসেই খাবার পেয়ে যান যাত্রীরা। কিন্তু এই সুবিধাকেই কাজে লাগিয়ে সক্রিয় হয়েছে প্রতারণা চক্র। সম্প্রতি, ভুয়ো ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ তৈরি করে IRCTC-র নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষায় বড় পদক্ষেপ করল ভারতীয় রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)।
জানা গিয়েছে, IRCTC-র নাম ও ব্র্যান্ড পরিচয় ব্যবহার করে একাধিক অননুমোদিত ই-ক্যাটারিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্মগুলি সরকারি পরিষেবা দেয় বলে দাবি করছে। এবার এই ভুয়ো প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে IRCTC।
IRCTC-র অভিযোগ, কয়েকটি বেসরকারি ওয়েবসাইট ও অ্যাপ নিজেদের রেলের অনুমোদিত খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম হিসেবে দাবি করছে। এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে যাত্রীদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে একাধিক তথ্য। যেমন, PNR নম্বর, মোবাইল নম্বর, ই-মেল আইডি, অনলাইন পেমেন্ট সংক্রান্ত তথ্য, ব্যাঙ্কিং তথ্য। অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রে যাত্রীরা অনলাইনে টাকা দেওয়ার পরেও খাবার পাননি। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আর এই তথ্য ব্যবহার করে যে কোনও মুহূর্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফাঁকা করে দিতে পারে।
প্রথমে IRCTC সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আইনি নোটিস পাঠিয়ে এই ধরনের কার্যকলাপ বন্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু অভিযোগ অনুযায়ী, নিয়ম লঙ্ঘন চলতে থাকায় পরে আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।জানা গিয়েছে, ১৬ মার্চ প্রথম ফৌজদারি অভিযোগ দায়ের হয়। ১১ এপ্রিল দ্বিতীয় অভিযোগ দায়ের হয়। তদন্তের মাধ্যমে অভিযুক্ত অপারেটরদের চিহ্নিত করা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে শুরু করে IRCTC।
RailRestro.com
RailRestro.in
RailMitra.com
TravelKhana.com
TrainsCafe.com
Dibrail.com
RailFood.net
ComeSum.com
TravelerFood.com
FoodOnTrack.in
Ecatering.app
KhanaOnline.in
TrainWay.in
RailMeal.com
TrainMenu.com
যাত্রীদের কোনও ওয়েবসাইট বা অ্যাপে তথ্য দেওয়ার আগে তার সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে, একদিকে যেমন ভুয়ো প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্যদিকে IRCTC-র অনুমোদিত ই-ক্যাটারিং পরিষেবাও দ্রুত বিস্তৃত হচ্ছে। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশের ৪০০-রও বেশি রেল স্টেশনে এই পরিষেবা চালু হয়েছে। IRCTC-র প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে অনুমোদিত ই-ক্যাটারিং প্ল্যাটফর্মগুলির মাধ্যমে প্রতিদিন গড়ে ১.৫৫ লক্ষেরও বেশি খাবারের অর্ডার করা হয়েছে।