LPG না Induction? কীসে রান্না করলে কত খরচ হয়, হিসাব জেনে নিন…

Cost Calculation: সাধারণত ইন্ডাকশন কুকটপ প্রতি ঘণ্টায় ১২০০ থেকে ২০০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। অর্থাৎ যদি একটানা এক ঘণ্টা ধরে ইন্ডাকশন চলে, তাহলে ১ থেকে ২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। গৃহস্থের রান্নাঘরে সাধারণত ১-২ ঘণ্টা রান্না হয়। তাও মিডিয়াম পাওয়ারে।

LPG না Induction? কীসে রান্না করলে কত খরচ হয়, হিসাব জেনে নিন...
এলপিজি নাকি ইন্ডাকশন-কোনটা বেশি সাশ্রয়ী?Image Credit source: PTI

|

Mar 27, 2026 | 5:59 PM

নয়া দিল্লি: উত্তেজনায় ফুটছে মধ্য প্রাচ্য। ইরান-আমেরিকার সংঘাত তীব্র হচ্ছে। এই আবহে এলপিজি সঙ্কটও (LPG Cylinder) বাড়ছে। কেন্দ্র ক্রমাগত আশ্বাস দিচ্ছে। তবুও বহু মানুষের মনেই আতঙ্ক, এরপর যদি এলপিজি সিলিন্ডার না পাওয়া যায়? সেই ভয়েই অনেকে এলপিজি সিলিন্ডার বাদ দিয়ে ইন্ডাকশন কুকার (Induction Cooker), মাইক্রোওয়েভ ওভেন (Microwave Oven) কিনছেন। ইন্ডাকশনে রান্না করলে কত বিদ্যুৎ খরচ হয়? এলপিজি সিলিন্ডারের থেকে কি সাশ্রয়ী ইন্ডাকশন কুকার?

সাধারণত ইন্ডাকশন কুকটপ প্রতি ঘণ্টায় ১২০০ থেকে ২০০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। অর্থাৎ যদি একটানা এক ঘণ্টা ধরে ইন্ডাকশন চলে, তাহলে ১ থেকে ২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। গৃহস্থের রান্নাঘরে সাধারণত ১-২ ঘণ্টা রান্না হয়। তাও মিডিয়াম পাওয়ারে। তাই প্রতিদিন গড়ে ১ থেকে ৩ ইউনিট খরচ হয়।

যদি ইন্ডাকশনে প্রতি দিন ১ থেকে ৩ ইউনিট খরচ হয়, তাহলে মাসের হিসাবে গড়ে ৩০ থেকে ৯০ ইউনিট খরচ হয়। এবার যদি বিদ্যুতের প্রতি ইউনিটের খরচ গড়ে ৫ টাকা থেকে ৮ টাকার মধ্যে হয়, তাহলে ২৪০ টাকা থেকে ৭২০ টাকা খরচ হতে পারে ইন্ডাকশনে রান্না করার জন্য।

ইন্ডাকশন ৮৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত শক্তি সাশ্রয়ী হয়, যেখানে এলপিজি ৬০ শতাংশ শক্তি সাশ্রয় করে। অর্থাৎ এলপিজি সিলিন্ডারে রান্না করায় যে পরিমাণ শক্তি বা জ্বালানি খরচ হয়, তার তুলনায় ইন্ডাকশনে কম শক্তি খরচ হয়। ইন্ডাকশন কুকার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ব্যবহার করে সরাসরি পাত্র গরম করে। এর ফলে গ্যাস বা ইলেকট্রিক স্টোভের তুলনায় ইন্ডাকশনে তাড়াতাড়ি রান্না হয়।

এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হয় ৯০০ থেকে ১১০০ টাকা। গৃহস্থের বাড়িতে সাধারণত ২৫ থেকে ৩০ দিন চলে গ্যাস সিলিন্ডার। সেই হিসাব করলে ইন্ডাকশন তুলনামূলকভাবে অনেকটাই সাশ্রয়ী। তবে বড় পরিবারের ক্ষেত্রে ইন্ডাকশনে রান্না করা চাপের, কারণ তখন একাধিক ইন্ডাকশন ব্যবহার করতে হবে।

Follow Us