
নয়া দিল্লি: নিট পরীক্ষার (Neet-UG 2026) প্রশ্নপত্র ফাঁস বিতর্কে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নপত্র ফাঁসের জেরে ৩ মে-র পরীক্ষাও বাতিল হয়েছে। আগামী ২১ জুন পরীক্ষা রয়েছে। এবার নিট পরীক্ষায় নিরাপত্তা (Neet Exam Security) জোরদার করতে তৎপর কেন্দ্র। প্রশ্নপত্র তৈরির মুহূর্ত থেকে শুরু করে শেষ পরীক্ষার্থীর হাতে পৌঁছনো পর্যন্ত গোটা প্রক্রিয়াতেই এবার নজরদারি বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে গোটা বিষয়টার উপর নজরদারি চালানো হবে।
২১ জুন নিটের পরীক্ষা নিয়ে দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। প্রায় ৪০ মিনিট ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এনটিএ-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং এবং প্রধানমন্ত্রীর দফতরের শীর্ষ আধিকারিকরা। সরকারি সূত্রে খবর, এবার প্রশ্নপত্র তৈরি, ছাপানো, পরিবহণ এবং পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ার উপর সরাসরি নজর রাখবে প্রধানমন্ত্রীর দফতর।
সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই গোটা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং পরীক্ষার সঙ্গে যুক্ত প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য তাঁকে জানানো হচ্ছে। এছাড়াও জানা গিয়েছে, আগের নিট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনিয়মের ইঙ্গিত পাওয়ার পরই। প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পরই পরীক্ষা বাতিল করা হয়।
নজরদারি আরও জোরদার করার একটাই উদ্দেশ্য হল ভবিষ্যতে যাতে আর কোনও প্রশ্নফাঁস বা অনিয়মের অভিযোগ না ওঠে এবং দেশের সবচেয়ে বড় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা বজায় থাকে।
এবার ২১ জুনের নিট পরীক্ষার জন্য লক্ষ লক্ষ পরীক্ষার্থী আবার প্রস্তুতি নিচ্ছেন। পরীক্ষায় প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে। সেই পরিস্থিতিতে সামান্যতম গাফিলতিও যাতে না হয়, তা নিশ্চিত করতে মরিয়া কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, নিটের প্রস্তুতি নিয়ে নিয়মিত পর্যালোচনা করছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে একাধিক সংস্থাকে কাজে লাগানো হয়েছে।