Personal Loan: পার্সোনাল লোন শোধ করার আগেই মৃত্যু হলে, কাকে সেই ঋণ শোধ করতে হয়?

Personal Loan Rules: যদি মৃত ঋণগ্রহীতার আইনি উত্তরাধিকারীই সহ-আবেদনকারী বা গ্যারান্টর হন, তাহলে ঋণ পরিশোধের আইনি দায় তাঁর উপর থাকতে পারে। কিন্তু উত্তরাধিকারী যদি সহ-আবেদনকারী বা গ্যারান্টর না হন, তাহলে ব্যক্তিগত ঋণের চুক্তিপত্রটি ভালো করে দেখা প্রয়োজন।

Personal Loan: পার্সোনাল লোন শোধ করার আগেই মৃত্যু হলে, কাকে সেই ঋণ শোধ করতে হয়?
প্রতীকী চিত্র।Image Credit source: Pexels

|

Nov 13, 2026 | 5:47 PM

নয়া দিল্লি: জীবন বড়ই অনিশ্চিত। হঠাৎ কখন বিপদ আসে, তা কেউ বলতে পারে না। বিপদের সময়ে টাকা জোগাড় করতে বাধ্য হয়ে অনেকেই পার্সোনাল লোন (Personal Loan) বা ব্যক্তিগত ঋণ নিতে বাধ্য হন। এখন সহজেই পার্সোনাল লোন পাওয়া যায়। রয়েছে ইন্সট্যান্ট লোনের সুবিধাও। ব্যক্তিগত ঋণ নিয়ে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম হল, যদি কোনও ব্যক্তি পার্সোনাল লোন পরিশোধ করার আগেই মারা যান, তাহলে কী হয়? সেই ঋণ কি পরিবারের সদস্যদের শোধ করতে হয়?

পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণে কোনও জিনিস কোল্যাটেরাল বা সিকিউরিটি হিসাবে বন্ধক রাখতে হয় না। সেই জন্যই একে আন-সিকিওরড লোন বলে।  কোনও কারণে ঋণ গ্রহীতার মৃত্যু হলে ব্যাঙ্ক বকেয়া অর্থ ঋণ গ্রহীতার কোনও জিনিস বাজেয়াপ্ত করে বা বিক্রি করে উদ্ধার করতে পারে না। সেখানেই অন্যান্য ঋণ, যেমন হোম লোন, কার লোন, গোল্ড লোন যেহেতু সিকিওরড লোন, তাই ব্যাঙ্কের কাছে সুযোগ থাকে বকেয়া অর্থ আদায় করার।

লোন প্রোটেকশন ইন্সুরেন্স-

যদি কোনও কারণে ঋণ গ্রহীতার মৃত্যু হয়, তাহলে ব্যাঙ্ক প্রথমেই দেখে যে লোন প্রোটেকশন ইন্সুরেন্স প্ল্যান রয়েছে কি না। যদি প্রোটেকশন ইন্সুরেন্স প্ল্যান থাকে, তাহলে ব্যাঙ্ক তখন ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে বকেয়া অর্থ আদায় করে। বকেয়া অর্থ পেয়ে গেলেই ব্যাঙ্ক তারপরে পার্সোনাল লোন অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়।

সহ-আবেদনকারী বা গ্যারান্টার থাকলে-

যদি কোনও ব্যক্তিগত ঋণে সহ-আবেদনকারী (Co-applicant) বা গ্যারান্টর থাকে, তাহলে ব্যাঙ্ক ঋণ গ্রহীতার মৃত্যু হলে, ওই কো-অ্যাপ্লিক্যান্ট বা গ্যারান্টরের কাছ থেকে টাকা আদায় করতে পারে। যদি কোনও কো-অ্যাপ্লিক্যান্ট না থাকে, কিন্তু গ্যারান্টর থাকে, তাহলে ব্যাঙ্ক  গ্যারান্টরকে বকেয়া অর্থ মিটিয়ে দিতে বলবে।

আইন অনুযায়ী, সহ আবেদনকারী ও গ্যারান্টরের দায়িত্ব থাকে ঋণ গ্রহীতার অবর্তমানে তাঁর ঋণ মেটানোর। যদি কো-অ্যাপ্লিক্যান্ট ঋণের অর্থ মেটাতে অস্বীকার করে, তাহলে ব্যাঙ্ক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে। টাকা না পেলে, ক্রেডিট ইনফরমেশন কোম্পানির কাছে জানায় ব্যাঙ্ক। সেই অভিযোগের ভিত্তিতে তখন সহ-আবেদনকারী বা সহ-ঋণগ্রহীতার ক্রেডিট স্কোরে প্রভাব পড়ে।

মৃত ঋণগ্রহীতার সম্পত্তি থেকে ঋণ আদায়-

কোনও ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে যদি সহ-আবেদনকারী বা গ্যারান্টর না থাকেন, তাহলে ঋণগ্রহীতা মারা গেলে ব্যাঙ্ক তাঁর রেখে যাওয়া সম্পত্তি থেকে বকেয়া ঋণের টাকা আদায় করতে পারে। মৃত ব্যক্তির সম্পত্তির মধ্যে সেভিংস অ্যাকাউন্টের টাকা, ফিক্সড ডিপোজিট, শেয়ার, মিউচুয়াল ফান্ড, সোনা, জমি-বাড়ি, ছোট সঞ্চয় প্রকল্প এবং অন্যান্য সম্পদ থাকতে পারে।

এই সম্পত্তি থেকে পুরো ঋণ পরিশোধ করা সম্ভব না হলে, মৃত ব্যক্তির কোনও জীবনবিমা (Life Insurance) ছিল কি না, তা দেখতে পারে ব্যাঙ্ক। বিমা থাকলে বিমার ক্লেম থেকে পাওয়া অর্থ দিয়ে বকেয়া ঋণ পরিশোধ করা যেতে পারে।

আইনি উত্তরাধিকারীকে কি ঋণ শোধ করতে হবে?

যদি মৃত ঋণগ্রহীতার আইনি উত্তরাধিকারীই সহ-আবেদনকারী বা গ্যারান্টর হন, তাহলে ঋণ পরিশোধের আইনি দায় তাঁর উপর থাকতে পারে। কিন্তু উত্তরাধিকারী যদি সহ-আবেদনকারী বা গ্যারান্টর না হন, তাহলে ব্যক্তিগত ঋণের চুক্তিপত্রটি ভালো করে দেখা প্রয়োজন। সেখানে ঋণগ্রহীতার মৃত্যুর পর বকেয়া ঋণ কে পরিশোধ করবেন, সে বিষয়ে কোনও শর্ত রয়েছে কি না, তা দেখতে হবে। চুক্তিতে যদি স্পষ্টভাবে লেখা থাকে যে ঋণগ্রহীতার মৃত্যুর পর উত্তরাধিকারীকে ঋণ পরিশোধ করতে হবে, তাহলে সেই শর্ত অনুযায়ী টাকা দিতে হতে পারে।

তবে এমন কোনও শর্ত না থাকলে, শুধু মৃত ব্যক্তির উত্তরাধিকারী হওয়ায় ব্যাঙ্ক সাধারণত তাঁকে জোর করতে পারে না মৃত ব্যক্তির ঋণ শোধ করার জন্য। উত্তরাধিকারী যদি চান, তাহলে স্বেচ্ছায় ঋণ পরিশোধ করতে পারেন। ঋণ পুরোপুরি মিটিয়ে দেওয়ার পর ব্যাঙ্কের কাছ থেকে নো ডিউ সার্টিফিকেট (No Dues Certificate) সংগ্রহ করে রাখা উচিত।

টাকা আদায় সম্ভব না হলে?

কখনও মৃত ব্যক্তির সম্পত্তি, বিমা বা অন্য কোনও উৎস থেকে ঋণের টাকা আদায় করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে ব্যাঙ্কের কাছে বকেয়া ঋণের টাকা ক্ষতি হিসাবে রাইট অফ (write-off) করা ছাড়া অন্য উপায় থাকে না।

পরিবারের কী করা উচিত?

ঋণগ্রহীতা মারা গেলে পরিবারের সদস্যদের দ্রুত ব্যাঙ্ককে বিষয়টি জানানো উচিত। সাধারণত মৃত্যু শংসাপত্রসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। এরপর ব্যাঙ্ক পরিস্থিতি অনুযায়ী ঋণ আদায়ের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।বিষয়টি নিয়ে কোনও সন্দেহ বা বিরোধ থাকলে পরিবারের সদস্যদের একজন আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।

Loading...
Unable to load recommendations.
Follow Us